আগস্ট ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- উন্নত সাউন্ড সিস্টেম ও সুন্দর পরিবেশের কারণে এমনিতেই বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দর্শকদের ভিড় লেগেই থাকে। এর ওপর স্টার সিনেপ্লেক্সে এখন চলছে হলিউডের বিখ্যাত ছবি 'স্পাইডারম্যান-৩'। প্রতিদিনই ছবিটি দেখার জন্য শিশুরা ছাড়াও সব শ্রেণীর দর্শকের ভিড় লেগে আছে স্টার সিনেপ্লেক্সে।
ঝিকাতলা ছবিটি দেখতে এসেছেন ৪ বোন শাহরিয়ার সুলতানা, অতুল, রাতুল ও নিতি। জানালেন, পরিবারের সবাই মিলে মাঝে-মধ্যেই ছবি দেখতে আসেন এখানে। অতুল বলল, স্পাইডারম্যান-১ ও ২ দেখেছি। নিশ্চয়ই তৃতীয় সিকুয়েলটিও ভালো হবে। এ জন্যই দেখতে এসেছি।
নাদিম, সোহেল ও মিশু ৩ জনই স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। স্পাইডারম্যান-৩ ছবিটি দেখার আগ্রহ থাকলেও টিকিট পাননি তারা। মন খারাপ করে দাঁড়িয়েছিলেন তারা। নাদিম বলেন, "কিছুদিন ছুটি পেয়েছি। এ জন্য ভাবলাম ছবি দেখে আসি। কিন্তু' টিকিট পেলাম না।"
নাদিম আরো জানান, সময় পেলে বন্ধুরা মিলে মাঝে মধ্যে এখানে আড্ডা দিতেও আসেন। ব্যবসায়ী সাজু এসেছেন ছোটবোন অমি, নিতু ও নমিকে নিয়ে। উদ্দেশ্য স্পাইডারম্যান-৩ ছবিটি দেখা। তিনি জানান, স্পাইডারম্যান-৩ হলিউডের বিখ্যাত ছবি। এসেছি যখন ছবিটি দেখে যাবো। সাজু জানালেন, ছোটবোনদের আগ্রহেই ছবিটি দেখতে এসেছেন তিনি।
স্টার সিনেপ্লেক্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন এন্ড আইটি মুরাদুর রহমান পুলক জানালেন, " 'স্পাইডারম্যান-৩' প্রথম সপ্তাহ ছিল ডিজুস গ্রাহকদের জন্য। একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি। ছবিটি স্পন্সর করেছে ডিজুস। এ কারণেই ডিজুস গ্রাহকদের জন্য এই সুবিধা দেয়া হয়। ছবির দ্বিতীয় সপ্তাহ প্রদর্শনী চলছে এখন। সাধারণ দর্শকরাও দেখতে পারছেন এখন।"
পুলক জানালেন, প্রতি শোতে ৯৯ ভাগ টিকিট বিক্রি হয়। আগামী ঈদ পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের প্রেক্ষাগৃহ ১ ও ৩-এ একযোগে চলবে ছবিটি।
কোন ধরনের দর্শক বেশি আসছে জানতে চাইলে পুলক বলেন, "সব ধরনের দর্শকই ছবিটি দেখতে আসছেন। তবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীই বেশি আসছেন। ছুটির দিনে সাধারণত পরিবারের সবাই একসঙ্গে আসছেন। অন্যান্য দিনে জুটি কিংবা বন্ধু-বান্ধবরাই দল বেঁধে বেশি আসে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯৪৬ ঘ
bdnews24