আগস্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এনটিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক 'রমিজের আয়না'খ্যাত নাট্যকার ও পরিচালক শিহাব শাহীন নতুন ১০৪ পর্বের মেগা ধারাবাহিক নির্মান শুরু করেছেন। নাম 'ইট কাঠের খাচাঁ'। ধারাবাহিকের রচয়িতা শিহাব শাহীন নিজেই।
ইট কাঠের নাগরিক এ জীবনে বসবাসরত চার দম্পতিকে ঘিরে আর্বতিত হয়েছে এ ধারাবাহিকের গল্প। এদের কারো হয়েছে নতুন বিয়ে, কেউ এসেছে মফস্বল থেকে কিংবা কেউ জড়িয়েছে নতুন সম্পর্কে। এদের দাম্পত্য জীবন আর প্রেম ভালবাসা নিয়ে এগিয়েছে নাটকের কাহিনী।
চার দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তারিন, রওনক হাসান, তিশা, অপূর্ব, ফারহানা মিলি, হিল্লোল ও প্রভা। আরও আছেন তুষার খান, শিরিন আলম, মহিউদ্দিন বাহারসহ অনেকে।
১০৪ পর্বের এ ধারাবাহিক নাটকটি মাছরাঙ্গা প্রডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে।
৭ আগস্ট থেকে ঢাকা শুটিং শুরু হয়েছে। চলবে সেপ্টেম্বরের শেষ অবধি।
ধারাবাহিক সম্পর্কে নির্মাতা জানান, "যান্ত্রিক নগরের চার দম্পতির জীবনের সুক্ষ আবেগ অনূভূতি তুলে ধরার চেষ্ঠা করছি এ নাটকে। সময় নিয়ে কাজ করতে ভাল লাগে আমার। তাই মানের ব্যাপারে আমি কখনো ছাড় দিই না। এ ধারাবাহিকটিও এর ব্যতিক্রম নয়।"
শিহাব শাহীন জানান, ঈদের পরে নাটকটির প্রচার এনটিভিতে শুরু হবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৫১৫ ঘ
bdnews24