আগস্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘ ১১ বছর পর বিটিভিতে আবার কৃষিবিষয়ক অনুষ্ঠান নিয়ে এসেছেন শাইখ সিরাজ। সমকালীন বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান 'কৃষি দিবানিশি' বিটিভিতে প্রচার শুরু হয়েছে সোমবার রাত সাড়ে ৯টা থেকে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ২৫ মিনিট ব্যাপ্তির এ অনুষ্ঠানটি প্রতি সোমবার প্রচার করা হবে।
সমকালীন কৃষির সমস্যা, সাফল্য, কৃষি উন্নত দেশগুলোর কৃষি সাফল্য, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও উৎকর্ষে সেরা অনুশীলনগুলো এ অনুষ্ঠানে তুলে ধরা হবে। বিশেষ করে বর্তমান সময়ে মাটির জৈব উপাদান ফিরিয়ে আনা তথা কৃষির গুরুত্ব সম্পর্কে কৃষককে আগ্রহী করে তোলা এবং পরিবর্তিত আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে চাষাবাদের কৌশল নির্ধারণ, কৃষকবান্ধব বিপণন ব্যবস্থা ও কৃষির বাণিজ্য অনুকূল পরিবেশ তৈরি করা ইত্যাদি বিষয় নতুন এ অনুষ্ঠানে গুরুত্ব পাবে বলে জানালেন অনুষ্ঠানের পরিকল্পক ও উপস্থাপক শাইখ সিরাজ।
শাইখ সিরাজ বলেন,"'হৃদয়ে মাটি ও মানুষ' থেকে 'কৃষি দিবানিশি'র কাঠামো, ধরন সবকিছুই হবে ভিন্ন।"
এ ব্যাপারে বিটিভির মহাব্যবস্থাপক শেখ রিয়াজউদ্দিন বাদশা বলেন, "এদেশের মাটি ও মানুষের সঙ্গে শাইখ সিরাজের সম্পর্ক দীঘর্দিনের। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কৃষি সম্পর্কিত যুগোপযোগী যাবতীয় তথ্য প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে দিতে পারবো।"
১৯৯৬ সাল পর্যন্ত বিটিভিতে শাইখ সিরাজের পরিকল্পিত ও উপস্থাপিত কৃষি বিষয়ক অনুষ্ঠান 'মাটি ও মানুষ' সর্বসাধারনের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১২৩৪ ঘ.
bdnews24