২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট পর্দা থেকে বড় পর্দায় মৌসুমী বিশ্বাস

চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ছোটপর্দার অভিনেত্রী ও অরুনা বিশ্বাসের ছোটবোন মৌসুমী বিশ্বাসের। 'চ্যাম্প' নামের ছবিতে নায়ক হয়ে আসছেন তিনি। নায়ক বাংলালিংক বিজ্ঞাপনের মডেল বাবু। পরিচালক মডেল ও চলচ্চিত্র অভিনেতা প্রপেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 08:33 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

আগস্ট ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ছোটপর্দার অভিনেত্রী ও অরুনা বিশ্বাসের ছোটবোন মৌসুমী বিশ্বাসের। 'চ্যাম্প' নামের ছবিতে নায়ক হয়ে আসছেন তিনি। নায়ক বাংলালিংক বিজ্ঞাপনের মডেল বাবু। পরিচালক মডেল ও চলচ্চিত্র অভিনেতা প্রপেল। একটি বিদেশী ছবির গল্প অবলম্বনে 'চ্যাম্প' ছবিটি নির্মিত হচ্ছে। একজন প্রবীণ মুষ্ঠিযোদ্ধা মনেপ্রাণে চান তার ছেলেও মুষ্ঠিযুদ্ধ খেলুক। কিন্তু' ছেলে এটা মোটেই পছন্দ করে না। তার ধারনা, মুষ্ঠিযুদ্ধ খেললে সে অসুস্থ হয়ে পড়বে। একই কারণে স্ত্রীও চায় না স্বামী এটা খেলুক। ঘটনাক্রমে ছেলে একদিন মুষ্ঠিযুদ্ধ খেলতে নামে এবং নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে জয়ী হয়। গত মার্চ মাসে এ ছবির শুটিং শুরু হয়। গানের শুটিং ছাড়া ছবির অন্য সব কাজ শেষ। আগামী ঈদে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেন জানান ছবির নায়িকা মৌসুমী বিশ্বাস। সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে ছবির মৌসুমী বিশ্বাস বললেন, " প্রথমে একটি টেলিফিল্ম হিসেবে 'চ্যাম্প' ছবির কাজ শুরু হয়। পরে এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র করার ঘোষণা দেন পরিচালক। সেভাবেই কাজ এগিয়ে যায়। চমৎকার গল্পের কারণেই দর্শক এ ছবিটি দেখবে বলে আমার বিশ্বাস।" এ ছবির পর রবীন্দ্র কিংবা শরৎ সাহিত্য নিয়ে তৈরি কোনো ছবিতে অভিনয় করার আকাঙ্খার কথা ব্যক্ত করলেন মৌসুমী। এর আগে মৌসুমী যেসব নাটকে অভিনয় করেছেন তার মধ্যে রয়েছে 'দৃষ্টিদান', 'সুরে আঁকা ছবি', 'অনন্যা', 'মাল্যদান', 'বড় দিদি', 'আনন্দ সংবাদ' ইত্যাদি। বর্তমানে তার অভিনীত দুটি ধারাবাহিক নাটক 'মনের জানালা' এবং 'স্বপ্নচূড়া' প্রচারিত হচ্ছে যথাক্রমে এটিএন বাংলা ও বাংলাভিশনে। এছাড়া শুটিং চলছে 'কাল প্রহর', 'মহামায়া', 'স্বপ্ন বিক্রির হাটে', 'আবার দেখা হবে', 'মিসেস আলী', 'অন্ধকারে একা'সহ বেশ কটি নাটকের। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৪৩০ ঘ