আগস্ট ০২ ( বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'সুধার সংসার ও অন্যান্য গল্প' শিরোনামে নির্মিত হচ্ছে ১২টি আলাদা নাটক। প্রতিটি নাটকেই রয়েছে সুধার গল্প। ১২টি আলাদা নাটকের কাহিনী লিখেছেন মাতিয়া বানু শুকু, নূরুল আলম আতিক, শিবব্রত বর্মণ, কামরুজ্জামান কামু এবং শাহানা সুমি।
নাটকগুলো হচ্ছে হুইলচেয়ার, ডেংগুর দিনগুলোতে প্রেম ,গলার কাটাঁ, নকশীকাথাঁ, আইসক্রিম, লতাপাতা, ডুব সাতাঁর, ঘাসফড়িং ইত্যাদি।
ধারাবাহিক এ নাটকটিতে সুধার চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান, তিন্নি, চাঁদনী, সুইটি, তাজিন, বন্যা মির্জা, আজরা, ফারহানা মিঠু, শামীমা নাজনীন, দীপান্বিতা হালদার, ওয়াহিদা মল্লিক জলি, সুষমা সরকার প্রমুখ।
নাটকটি পরিচালনায় রয়েছেন নাট্যকার মাতিয়া বানু শুকু। নির্মাতা হিসেবে এটি তার প্রথম পরিচালিত ধারাবাহিক।
নাটকটির প্রডাকশন ডিজাইন করেছেন নূরুল আলম আতিক।
নাটকের একটি চমক হলো, ১২টি নাটকের জন্য ১২টি গান থাকবে। সবগুলো গানই লিখছেন বায়োস্কোপ খ্যাত গীতিকার, কবি কামরুজ্জামান কামু। গানগুলোর সঙ্গীত রচনা করবেন শিল্পী অর্ণব।
গান প্রসঙ্গে কামরুজ্জামান কামু বললেন, নাটকের সবগুলো গানই মেয়েদের গান। যে নাটকে সুধার যে বাস্তবতা, সেই বাস্তবতা অনুযায়ী গানগুলো লেখা হচ্ছে।
নাটকটি প্রযোজনা করছে ক্যাওস সেভেন।
এ মাসের ২৫ তারিখ থেকে এ প্রযোজনা সংস্থার ব্যানারে শুটিং শুরু হবে ২৬ পর্বের ধারাবাহিক ' টু - লেট' এর। এছাড়াও একই ব্যানারে ইতিমধ্যে আশুতোষ সুজন নির্মান করেছেন একক নাটক 'শূন্য'।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/ ১৭৫৫ ঘ.
bdnews24