জুলাই ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এইডসবিরোধী বক্তব্য নিয়ে মিউজিক ভিডিও নির্মানে এগিয়ে এসেছেন রুনা লায়লা। খ্যাতিমান এই সঙ্গীত শিল্পীর এই মিউজিক ভিডিওতে গান গাইবেন ৭ তরুন শিল্পী। আগামী মাস থেকে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে এই মিউজিক ভিডিও।
অ্যালবামটিতে কন্ঠ দিয়েছেন আসিফ, আগুন, আঁখি আলমগীর, আলম আরা মিনু, এসআই টুটুল, ডলি সায়ন্তনী ও দিনাত জাহান মুন্নী। গানগুলির গীতিকার কবির বকুল ও সুরকার আলম খান। অ্যালবামের শুটিং ও রেকর্ডিং এর কাজ শেষে। এখন চলছে সম্পাদনার কাজ।
এইডসবিরোধী প্রচারণার অংশ হিসেবে অ্যালবামটি ছাড়া কিছু ব্যানার, পোস্টার ও স্লাইড শো তৈরি করেছেন রুনা।
এ প্রসঙ্গে শিল্পী বলেন, "এইডসবিরোধী প্রচারণার কাজটা আরো জোরদার করা দরকার। এ কাজে তারকাদের অংশগ্রহণও জরুরী। কারণ, সাধারণ মানুষ তারকাদের কথায় অনেকটা প্রভাবিত হয়। দর্শক ও শ্রোতার ভালোবাসার প্রতিদান এসব কর্মকান্ডের মাধ্যমে দিতে হয়।"
রুনা লায়লা নভেম্বর থেকে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনএইডস এর দূত হিসেবে কাজ করবেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭১৮ ঘ
bdnews24