২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'রাণীঘাটের বৃত্তান্ত' অবলম্বনে তৈরি হচ্ছে পূর্ণদৈঘ্য চলচ্চিত্র

ওপার বাংলার বিশিষ্ট কথাসাহিত্যিক সৈয়দ মুস্তফা সিরাজ এর 'রাণীঘাটের বৃত্তান্ত' গল্প অবলম্বনে চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন এপার বাংলার নাট্যকার মুরাদ পারভেজ। ছবির নাম 'চন্দ্রগ্রহণ'। ছবির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। এটাই তার প্রথম ছবি। এ বছরের ২৫ অক্টোবর ছবির শুটিং শুরু হবে নেত্রকোনার বিরিসিরিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 11:59 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

জুলাই ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ওপার বাংলার বিশিষ্ট কথাসাহিত্যিক সৈয়দ মুস্তফা সিরাজ এর 'রাণীঘাটের বৃত্তান্ত' গল্প অবলম্বনে চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন এপার বাংলার নাট্যকার মুরাদ পারভেজ। ছবির নাম 'চন্দ্রগ্রহণ'। ছবির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। এটাই তার প্রথম ছবি। এ বছরের ২৫ অক্টোবর ছবির শুটিং শুরু হবে নেত্রকোনার বিরিসিরিতে। ছবিতে অভিনয় করবেন রিয়াজ, সোহানা সাবা, চম্পা, আনোয়ার হোসেন, দিলারা জামান, কে এস ফিরোজ, তুষার খান, কোহিনুর এবং আজম ফারুক। আজম ফারুক এ ছবির প্রযোজকও বটে। ছবিটি প্রযোজিত হবে আনিকা ফিল্মস এর ব্যানারে। ছবি প্রসঙ্গে পরিচালক মুরাদ পারভেজ বলেন, " ৬ বছর আগে সৈয়দ মুস্তফা সিরাজের অসাধারণ গল্পটি পড়ি। তারপর থেকেই এটা নিয়ে কাজ করার চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। এখন প্রস্তুতি নিয়েছি। ২৫ অক্টোবর শুটিং শুরু করার ইচ্ছা আছে।" ছবির নাম কেন বদলানো হলো জানতে চাইলে মুরাদ বলেন, "'রাণী কুঠির বাকী ইতিহাস' নামে আরেকটি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সঙ্গে এ ছবির নামটি যেন গুলিয়ে না যায় সে জন্যই ভিন্ন নামকরণ হয়েছে।" মুরাদ আরো বলেন, " এটাই আমার প্রথম ছবি। সে কারণে সিনিয়র অনেক চলচ্চিত্রকারদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিচ্ছি। তাছাড়া দীর্ঘদিন নাটক পরিচালনার অভিজ্ঞতাও আমাকে এ কাজে সাহায্য করবে। আশা করি সব মিলিয়ে ছবিটি ভালই হবে।" মুরাদের টেলিভিশন নাটকগুলোর মধ্যে রয়েছে বিটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক 'দৌড়', এটিএন বাংলায় প্রচারিত ধারাবাহিক 'বিবর্ণ ভালোবাসা', চ্যানেল ওয়ানে প্রচারিত 'দাঁড়কাক'। বাংলাভিশনে 'ব্যাচেলর দম্পতি' এখনো প্রচারিত হচ্ছে। ছবির চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, সঙ্গীত করেছেন এস আই টুটুল। সুস্থধারার বানিজ্যিক ছবি হিসেবেই এটি তৈরি হবে বলে জানালেন প্রযোজক আজম ফারুক। ফারুক বলেন, " এর আগে আমি নাটক প্রযোজনা করেছি। মুরাদের কাজ আমি দেখেছি। ট্যালেন্টেড পরিচালক। সৈয়দ মুস্তফা সিরাজের রচনাও অসাধারণ। আমরা আশাবাদী ছবিটা ভালো হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবিটি/এমআইআর/১৭৫৫ ঘ