জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাজ বাব্বরের মেয়ে জুহির বিয়েতে বলিউডের প্রায় সব তারকা দাওয়াত পেলেও বাদ পরছিলেন বিগ বি। বিষয়টা নিয়ে আলোচনা জমে ওঠার আগেই নিজের কাঠমিস্ত্রি অনিল গুপ্তের মেয়ের বিয়েতে গিয়ে সবাইকে খামোশ করে দিলেন অমিতাভ বচ্চন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
বহু আগে তার বাড়ির কাঠমিস্ত্রিকে কথা দিয়েছিলেন, তার মেয়ে বড় হলে তার বিয়েতে হাজির হবেন অমিতাভ। বিগ বি ভোলেন নি সে কথা। সস্ত্রীক ঠিকই গিয়ে হাজির হয়েছেন অনিল গুপ্তের কন্যার বিয়েতে। দীর্ঘ ৩০ বছর বচ্চন পরিবারের কাজ করেছেন অনিল।
অনিল কন্যার বিয়েতে উপস্থিত এক বচ্চন ভক্ত বলেন, "অমিতজি এক কথার মানুষ। তার প্রতিশ্র"তির কথা কখনোই ভোলেন না তিনি।... এই বিয়েতে আসার জন্য আগে থেকেই দিনটি আলাদা করে রেখেছিলেন তিনি। জয়াজিকে নিয়ে তিনি বিয়েতে এসেছেন। বর কনে দুজনের সঙ্গেই কথা বলেছেন, তাদের আশীর্বাদ করেছেন। এমনকি অনিল পরিবারের সঙ্গে বসে একসঙ্গে খানাও খেয়েছেন তারা।"
এ প্রসঙ্গে অমিতাভ বলেন, "গুপ্ত আমাদের সঙ্গে ৩০ বছর ধরে কাজ করেছে। এখনো করছে। আমার তার মেয়ের বিয়েতে গিয়েছিলাম। বিয়েতে গিয়ে আমরা আনন্দ পেয়েছি।"
অমিতাভ জানান, " ১৯৭৫ সালে 'প্রতীক্ষাতে যখন কাজ শুরু করে অনিল তখন সে ছিল একজন সাধারণ কাঠমিস্ত্রি। কিন্তু কঠোর পরিশ্রম করে সে তার জীবনকে বদলে নিয়েছে। এখন সে ফুলটাইম কন্ট্রাক্টর। তার গ্রামে মেয়েদের একটা স্কুল চালু করার ব্যাপারেও জয়া তাকে সাহায্য করেছিল।"
তার সহযোগীদের ব্যাপারে অমিতাভ সবসময়ই একনিষ্ঠ। তার একসময়ের মেকাপ আর্টিস্ট দীপক সাবন্ত যখন প্রযোজক হিসেবে তার কাছে অফার নিয়ে আসেন তিনি বিনাবাক্যে তার ছবিতে অভিনয়ে সম্মত হন। একটি নয়, পরপর দুটি ছবি করেন তার জন্য। বন্ধু রমেশ শর্মার ছবিতে বিনা পারিশ্রমিকে কাজ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৯৫৭ ঘ
bdnews24