জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বপ্নডানায় (অন দি উইংস অফ ডিজায়ার) ছবির জন্য এশিয়ান নিউ ট্যালেন্ট ক্যাটাগরিতে 'বেস্ট ইয়াং এশিয়ান ডিরেক্টর' হিসেবে পুরষ্কার পেলেন গোলাম রব্বানী বিপ্লব। গোলাম রব্বানীকে তাঁর স্বচ্ছ চিন্তা ও গল্প বলার অসাধারণ দক্ষতার জন্য এ পুরষ্কার দেয়া হয়েছে বলে শনিবার রাতে উৎসবের উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়।
'স্বপ্নডানায়' ছবিটির প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। উৎসবে অংশ নিতে কয়েকদিন আগেই রব্বানী ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর চীনে গিয়েছেন।
চ্যানেল আই ও জিনহুয়া সূত্রে জানা যায়, ২১টি দেশের ১০১টি চলচ্চিত্র এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সেখান থেকে বাছাই করা ১০টি ছবি মনোনয়ন লাভ করে। তার মধ্য থেকে সেরা পরিচালকের পুরস্কারটি পেলেন গোলাম রব্বানী। এই পুরষ্কারের অর্থমূল্য ২০ হাজার মার্কিন ডলার।
'স্বপ্নডানায়' অভিনয় করেন রোকেয়া প্রাচী, মাহমুদুজ্জামান বাবু, ফজলুর রহমান বাবুসহ আরো অনেকে।
জুনের ১৬ থেকে ২৪ তারিখ পর্যন্ত সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। এটি ছিল দশম সাংহাই চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগে সেরা ছবির পুরষ্কার লাভ করে চীনের 'ব্লিস' ছবিটি।
উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ জিন জু ফোরামের দেয়া এশিয়ান ট্যালেন্ড অ্যাওয়ার্ড এর লক্ষ্য এশিয়ার তরুন চলচ্চিত্র প্রতিভা খুঁজে বের করা ও তাদের সহায়তা দেয়া।
এ বছরের এশিয়ান ট্যালেন্ট অ্যাওয়ার্ড স্পন্সর করে চীনের জেন্দাই গ্র"প।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭২৩ ঘ
bdnews24