জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- রাণী মুখার্জী ও আদিত্য চোপড়ার এনগেজমেন্টর যে খবর গতকাল ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় তা অস্বীকার করেছে যশরাজ ফিল্মস। বুধবার ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে খবরটিকে 'গুজব' হিসেবে তুলে ধরা হয়।
মঙ্গলবার ভারতের নামী পত্রিকা হিন্দুস্তান টাইমসসহ একাধিক সংবাদ মাধ্যম রাণী ও আদিত্য চোপড়ার এনগেজমেন্টের খবর প্রকাশ করে। সেখানে বলা হয়, গোপনে প্রায় ষাটজন আত্মীয় বন্ধুবান্ধব নিয়ে প্রযোজক পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে বলিউড তারকা রাণী মুখার্জীর। হিন্দুস্তান টাইমস ছাড়া একাধিক সংবাদ মাধ্যমও খবরটি প্রচার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমও ওইসব সংবাদ মাধ্যমের বরাত দিয়ে খবরটি প্রকাশ করে।
দি টাইমস অফ ইন্ডিয়া জানায়, মঙ্গলবার আদিত্য চোপড়ার সঙ্গে রাণী মুখার্জীর বিয়ের যে খবর চাউর হয় সে ব্যাপারে মন্তব্য নেয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও রাণী বা আদিত্যকে পাওয়া যায়নি। তবে যশরাজ ফিল্মসের এক মুখপাত্র মনিকা ভট্টাচার্য্য খবরটি সত্যতা অস্বীকার করে বলেছেন, "এটা ঠিক নয়।"
বার্তা সংস্থা ইউএনআই এর সঙ্গে কথা বলার সময়ও মনিকা ভট্টাচার্য্য বলেন, "এগুলো সবই বাজে ভিত্তিহীন গুজব। চোপড়াদের কোন বাংলোয় কোন এনগেজমেন্ট বা 'রোকা' অনুষ্ঠান হয় নি।" এ ব্যপারে আর কোন মন্তব্য করতে অস্বীকার করে মনিকা বলেন, "এটা তাদের ব্যাক্তিগত জীবন। এটা নিয়ে মন্তব্য করার কোন অধিকার অন্য কারো নেই।
ওই এনগেজমেন্টে যারা উপস্থিত ছিলেন বলে হিন্দুস্তান টাইমসে উল্লেখ করা হয় তাদের একজন বলিউডের অভিনেতা অনুপম খের। দি টাইমস অফ ইন্ডিয়া তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এনগেজমেন্টের খবরটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
২০০১ সালে পায়েল মালহোত্রার সঙ্গে আদিত্য চোপড়ার বিয়ে হয়। এ বছর বিবাহ বিচ্ছেদের আবেদন করেন আদিত্য। বিভিন্ন সূত্র জানায়, আদিত্য চোপড়ার সঙ্গে পায়েল খান্নার বিবাহ বিচ্ছেদ এখনো চুড়ান্ত হয়নি। আদিত্য বর্তমানে বাসা ছেড়ে একটি পাঁচ তারকা হোটেলে বসবাস করছেন।
আদিত্যর পরিবার পায়েলের সঙ্গে এই বিচ্ছেদের সিদ্ধান্তে খুশি নন। চোপড়া পরিবার ভালবাসার নিদর্শন হিসেবে সাড়ে তিনকোটি রুপি ব্যয়ে পায়েল খান্নার জন্য একটি ফ্লাট কিনে দিয়েছেন ইতিমধ্যে।
ওদিকে বুধবার রানী মুখার্জীর পরিবারের পক্ষ থেকে তার এনগেজমেন্টের খবরের সত্যতা অস্বীকার করা হয়েছে বলে জানায় দি টাইমস অফ ইন্ডিয়া। তার পরিবার ও বন্ধুবান্ধবরা বলেছেন, "রাণী কারো ঘর ভাঙার মতো মেয়ে নয়। সে আদিত্য চোপড়ার সঙ্গে ডেট করছে না। তার বিয়ে নিয়ে আদি (আদিত্য চোপড়া) যদি কোন ঝামেলায় থাকে তো সেটা তার সমস্যা, রাণীর নয়। তাকে এর মধ্যে টেনে আনা উচিত না।"
রাণীর সঙ্গে চোপড়া পরিবারের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। যশরাজের ব্যানারে রাণী এ পর্যন্ত বেশ কটি ছবি করেছেন 'বীর জারা' 'বান্টি আউর বাবলি' ও 'হাম তুম'।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৩১৬ ঘ
bdnews24