জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) --- ভারতের জাতীয় পাঠ্যক্রমের আওতায় সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে অমিতাভ বচ্চন অভিনীত 'দিওয়ার' ছবির একটি দৃশ্য অন্তর্ভূক্ত হয়েছে। একই সঙ্গে রয়েছে দলিত লেখক ওম প্রকাশ বাল্মিকীর আত্মজীবনীর একটি অংশ। সোশ্যাল অ্যান্ড পলিটিকাল লাইফ এর দ্বিতীয় খন্ডে এসবের মাধ্যমে ভারতের সমাজ বাস্তবতার প্রেক্ষিতে দেশটির সংবিধাননের মূল্যবোধকে ব্যাখ্যা করা হয়েছে ছাত্রদের কাছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
এনসিইআরটি'র মুখপাত্র বিসি প্যাট্রো বলেন, "এসব উদাহরণ দেখিয়ে ভারতীয় গনতন্ত্রে সাম্যের বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই প্রথমবারের মতো টেক্সটবুক ডেভেলপমেন্ট কমিটি বইটির ভুমিকাতে লিখেছে যে, পাঠ্য বিষয়গুলির সঙ্গে ছাত্রদের জীবনের যোগ থাকা উচিত।"
নতুন এই পাঠ্যবইয়ের লক্ষ্য শুধু ছাত্রদের মধ্যে আত্মমর্যাদা ও আস্থার সঞ্চার করা নয়, একই সঙ্গে অন্যকে মর্যাদা দেওয়ার শিক্ষা দেওয়াটাও এর অন্বিষ্ট। বইয়ের প্রথম অধ্যায়ে ১৯৭৫ সালের ব্লকবাস্টার ছবি 'দিওয়ার' এর একটি ছবি ব্যবহার করা হয়েছে যেখানে অমিতাভ বচ্চন জুতা পালিশের কাজ শেষে মজুরি হিসেবে জুতা মালিকের রাস্তায় ছুড়ে দেওয়া পয়সা নিতে অস্বীকার করে। দেশের দলিতজনদের বাস্তব কাহিনী থেকেও উদাহরণ তুলে ধরা হয় বইয়ে। এবং এসব ক্ষেত্রে কী করণীয় তার পরামর্শও দেয়া হয়।
প্যাট্রো বলেন, " বইয়ে দলিত লেখক ওমপ্রকাশ বাল্মিকীর আত্মজীবনী থেকেও অংশবিশেষ তুলে ধরা হয়। সেখানে তিনি জানান যে নিুবর্ণের সদস্য হওয়ার কারণে কীভাবে স্কুলে তাকে দিয়ে শ্রেনীকক্ষ ঝাট দেওয়ানো হতো, সহপাঠীরা তার কাছ থেকে দুরে সরে গিয়ে বসতো ইত্যাদি।"
বইয়ে মহিলাদের মর্যাদার প্রসঙ্গটিও এসেছে। সেখানে সপ্তদশ শতকের নারী শিক্ষার অগ্রদূত রমা বাঈয়ের কথা তুলে ধরা হয়। ওই মহিলা ১৮৯৮ সালে পুনের কাছে প্রিন্টিং প্রেস স্থাপন করেন। ওই প্রেসটি এখনো রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৮২৫ ঘ
bdnews24