জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- বুধবার রাতেই ভারতীয় চ্যানেল স্টার প্লাস এর জনপ্রিয় সিরিয়াল 'কিঁউকি সাস ভি কভি বহু থি'র জনপ্রিয়তম তারকা তুলসীরুপী স্মৃতি ইরানীর বিদায় ঘন্টা বাজবে। বিরানী পরিবারের এই আদর্শ 'বহু' এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুমুখে পতিত হবে। এভাবেই এই সিরিজ থেকে বিদায় নিচ্ছেন স্মৃতি ইরানী। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
তবে তুলসী চরিত্রটির একেবারে বিনাশ ঘটবে কিনা তা বলা মুশকিল। বালাজীর টেলিসিরিয়ালগুলির স্টাইল মোতাবেক দুর্ঘটনাস্থলে তুলসীর ক্ষতবিক্ষত দেহ শনাক্ত করতে ব্যর্থ হবে তার পরিবার। ফলে ভবিষ্যতে তার আবারও ফিরে আসার রাস্তা খোলা থাকবে। সেখানে স্মৃতি ইরানী যে অভিনয় করবেন না তা একরকম নিশ্চিত।
গৌতমী গারগিল ইতিমধ্যে এই শোতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তবে তিনিই নতুন তুলসীর ভুমিকায় অভিনয় করবেন কি না তা এখনো নিশ্চিত করেননি বালাজী টেলিফিল্মের কর্ণধার একতা কাপুর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৬২০ ঘ
bdnews24