কান, ফ্রান্স, ২৮ মে (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টাস) -- সামান্য বাজেট আর অখ্যাত অভিনেতাদের নিয়েও যে বিশ্বমানের সেরা ছবি বানানো যায় সেটা দেখিয়ে দিলেন রোমানিয়ার পরিচালক ক্রিস্টিয়ান মুনগিউ। রোববার রাতে কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে আকর্ষনীয় পুরষ্কার পাম ডি'অর জিতে নিয়েছে 'ফোর মান্থস থ্রি উইকস অ্যান্ড টু ডেজ' ছবিটি। কমিউনিজম যুগের শেষ দিকের কাহিনী নিয়ে নির্মিত ছবির পরিচালক ক্রিস্টিয়ান মুনগিউর হাতে তুলে দেয়া হয় পাম ডি'অর ক্রেস্ট।
ছবিতে অটিয়ালা ও গাবিটা নামের দুই ছাত্র বন্ধুর কাহিনী তুলে ধরা হয়। অবৈধভাবে গর্ভপাত করাতে গিয়ে এদের একজনকে নির্মম অভিজ্ঞতার সম্মুখিন হয়।
সমাজতান্ত্রিক যুগের শেষদিকের রোমানিয়ার কর্কশ বিবর্ণ প্রেক্ষাপটে নির্মিত হলেও ছবিতে দুই বন্ধু যে পরস্পরকে বাঁচাতে ঝাঁপিয়ে পরে তার মানবিক কাহিনীই এ ছবির প্রধান আকর্ষন হয়ে উঠেছে।
পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুনগিউ বলেন, "আমি আশা করি, আমার এই পুরস্কার প্রাপ্তি সব ছোট দেশের ছোট চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটা সুখবর হবে। কারণ এটা থেকেই বোঝা যাচ্ছে, ভাল ছবি বানাতে গেলে বড় বাজেট বা অনেক তারকা দরকার হয় না।"
' ফোর মান্থস' ২২টি ছবির সাথে লড়ে এই পুরষ্কার জিতে নিল। কান এর ৬০ বছর পুর্তির উৎসবে এই পুরস্কার মুনগিউর কাছে অন্য আমেজ নিয়ে আসবে সন্দেহ নেই।
যে সব ছবির সাথে লড়াই করে 'ফোর মান্থস' সেরা ছবির মর্যাদা পেলো তার মধ্যে আছে 'আলেক্সান্ডার' ' নো কান্ট্রি ফর ওল্ড মেন' 'জোডিয়াক', 'প্যারানয়েড পার্ক' ইত্যাদি।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৫৩৯ ঘ
bdnews24