নজরুল সঙ্গীতের ব্যাতিক্রমী অনুষ্ঠানে সঞ্চালক ফাতেমা তুজ জোহরা
গত দুই বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে ফাতেমা তুজ জোহরার তত্ত্ববধানে বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে এটিএন বাংলা। কোন যন্ত্রীবিহীন এই অনুষ্ঠানে গায়কদের সঙ্গে নজরুলের বিভিন্ন গান নিয়ে আলোচনা করার ফাঁকে ফাঁকে গান করেন তারা। তখন ফাতেমা তুজ জোহরা গানে তাল দেন হাতে তালি দিয়ে বা চামুচের সাথে কাঠের বা প্লাস্টিকের টুকরোতে তাল ঠুকে।
এবছর ২৫ মে ১১ জৈষ্ঠ্য কবি নজরুলের ১০৮তম জন্মজয়ন্তীতে এবারো ফাতেমা তুজ জোহরা একই ধরণের অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করছেন। তবে এবার শুধু হাতেই তাল দিবেন না তিনি, সঙ্গে থাকছে বিভিন্ন যন্ত্রীরা। এই অনুষ্ঠানে নজরুলের বিভিন্ন গানের মধ্যে তার চেনা গান, বিদেশী গানের সুরে গান, হাসির গান ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে গান শোনাবেন শিল্পীরা। গান করবেন - ড. করুনাময় গোস্বামী, খালেদ খান, নাশিদ কামাল, খিল খিল কাজী, রাশিদা খান বানু, চম্পা বনিক, রশিদুন্নবী।
নজরুলের গান নিয়ে এ ধরণের অনুষ্ঠান করতে কেন উৎসাহী হলেন? প্রশ্নের জবাবে ফাতেমা তুজ জোহরা বলেন, “সত্যি বলতে তার গানে সঙ্গীত যন্ত্রের ব্যবহার আছে, তবে যন্ত্র বাদে অন্যান্য উপাদান দিয়ে নজরুলের গান কেউ জনসমক্ষে বা কোন মিডিয়াতে করেছে কি না আমার জানা নেই। নজরুলের গান, একটু ভিন্নভাবে উপস্থাপন করাই এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য।”
ফাতেমা তুজ জোহরার সঞ্চালনায় ‘নীল কবুতরের গান’ নামের অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সিরাজুল ইসলাম। এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৫ মে সকাল ৯টা ২০ মিনিটে।
