অভিনয়ে বিরতি দেয়ার কথা ভাবছেন জোলি
ব্র্যাড পিট ও বাচ্চাদের বেশি সময় দেয়ার জন্য অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি একবছর চলচ্চিত্রে কাজ করা থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন। ‘ওয়ান্টেড’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে তিনি চেক রিপাবলিক দেশের প্রাগ শহরে অবস্থান করছেন।
৩১ বছর বয়স্ক এই অভিনেত্রী এর আগে বলেছিলেন, “আমি দুই মাস কাজ করবো, দুই মাস কাজ থেকে দূরে থাকবো।” এখন সেটা এক বছরে গিয়ে ঠেকেছে।
জোলি-পিট দম্পতির এখন ৪ সন্তান। তারা হলো - ৫ বছরের ম্যাডক্স, যাকে কম্বোডিয়া থেকে দত্তক নেন। ভিয়েতনাম থেকে দত্তক নেয়া ৩ বছরের প্যাক্স থিয়েন, ইথোপিয়া থেকে দত্তক নেয়া ২ বছরের জাহারা এবং ২৭ মে জন্ম দেয়া এই দম্পতির শিশুকন্যা শিলোহ।
ভিয়েতনামের আইন বিষয়ক পত্রিকা হো চি মিন সিটি ল’- এর মার্চ সংখ্যায় তিনি বলেছিলেন, “নতুন পরিবেশে যাতে প্যাক্স ভালোমত মানিয়ে নিতে পারে এজন্য আমি বাসাতেই বেশিরভাগ সময় থাকবো।”
‘এ মাইটি হার্ট’ ছবির প্রচারের জন্য এই দম্পতি এখন কান চলচ্চিত্র উৎসবে অবস্থান করছেন। ছবিতে জোলি খুন হয়ে যাওয়া ড্যানিয়েল পার্ল নামের এক সাংবাদিকের বিধবা স্ত্রী ভূমিকায় অভিনয় করছেন। ড্যানিয়েল পার্ল ২০০২ সালে পাকিস্তানে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে যেয়ে ইসলামিক মিলিশিয়া বাহিনীর মাধ্যমে অপহৃত হন। পরে তার শিরচ্ছেদ করা হয়।
ব্র্যাড পিট এই ছবির প্রযোজক। ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসবে।
জোলি ইউনাইটেড নেশনের শুভেচ্ছা দূত হয়ে তিনবার পাকিস্তান সফর করেছেন।
কান এ সাংবাদিকদের তিনি বলেন, “পার্লের ভয়ঙ্কর নিয়তি তার স্ত্রীকে দমিয়ে রাখতে পারেনি। বরং নিয়ে গেছে তাকে সেই বিপদসঙ্কুল স্থানে। আমিও একটি বাক্সের মধ্যে বন্দি থাকতে চাই না। বরং আরো সাহসী হয়ে জীবন ও পৃথিবী সম্পর্কে জ্ঞান অর্জণ করতে চাই।”
