শুরু হয়েছে ৬০তম কান চলচ্চিত্র উৎসব
৬০তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে বুধবার। চলবে ২৭ মে পর্যন্ত। এবারের উৎসব শুরু হয়েছে হংকংয়ের পরিচালক ওয়ং কার উই এর পরিচালিত ‘মাই ব্লুবেরি নাইটস’ ছবিটি দিয়ে। হলিউডে তৈরি ছবিটি এই পরিচালকের জন্য প্রথম কোনো ইংরেজী ভাষায় নির্মিত ছবি। এছাড়া এই ছবির মাধ্যমে গায়িকা নোরা জোন্সেরও চলচ্চিত্রে অভিষেক ঘটলো।
কান চলচ্চিত্র উৎসব ‘লি ফেস্টিভেল ডি ফ্রান্স’ নামেও পরিচিত। দক্ষিণ ফ্রান্সের সমুদ্রতীরবর্তি শহর ‘কান’ এ এই উৎসব প্রথম শুরু হয় ১৯৩৯ সালে। ফ্রান্সের তৎকালিন প্রধানমন্ত্রী জিয়ান জায় এই আন্তর্জাতিক উৎসবের জন্ম দেয়। মূলত সারা বিশ্বের চলচ্চিত্র ব্যক্তিত্বদের মিলন মেলায় পরিণত করার জন্যই এই আয়োজন করেছিলেন তিনি। তখন সেপ্টেম্বর মাসে এই উৎসব চলতো। প্রতি বছর আয়োজন করার কথা থাকলেও ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় উৎসবটি বেশ কয়েক বছর বন্ধ থাকে। অবশ্য বিশ্বযুদ্ধের মাঝেও ১৯৪৮ ও ১৯৫০ সালে দুবার এই উৎসবের আয়োজনের চেষ্টা চলে। শেষ পর্যন্ত অর্থাভাবে তা সম্পন্ন করা সম্ভব হয়নি।
এদিকে ১৯৫০ সালের শুরুতেই সিদ্ধান্ত নেয়া হয় যে, কান উৎসব আয়োজন করা হবে বসন্তকালে। কারণ তখন ভূমধ্যসাগরীয় এই সৈকতনগরীতে প্রকৃতি যেন তার নিজের হাতে শোভা ছড়ায়।
১৯৯৮ সালে এতে ‘সিনেফাউন্ডেশন’ নামে একটি নতুন বিভাগ চালু করা হয়। যাতে স্বল্পদৈর্ঘ্য ও মধ্যম স্বল্পদৈর্ঘ্য ছবি অন্তর্ভুক্ত করে একটি প্রতিযোগীতার আয়োজন করা হয়। বিভিন্ন চলচ্চিত্র শিক্ষার স্কুল কলেজের ছাত্রদের মধ্য থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার জন্যই এই বিভাগ চালু করা হয়।
পাম ট্রি বা পাম গাছ কান শহরের প্রধান গাছ। তাই পাম গাছের পাতা দিয়ে তৈরী করা হয় এই চলচ্চিত্র উৎসবের লোগো। আর উৎসবের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে ‘পাম ডি’ ওর’ বা ‘সোনালী পাম’।
উৎসবের সমাপনী দিনে ঘোষনা করা হয় কে বা কোন চলচ্চিত্র পাবে সেই বছরের ‘সোনালী পাম’ খেতাব। এছাড়াও পুরস্কারের জন্য রয়েছে আরো কয়েকটি বিভাগ। সেগুলো হলো- দ্যা গ্র্যান্ড পিক্স, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ড, বেস্ট ডাইরেক্টর’স অ্যাওয়ার্ড, বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড ও জুুরি অ্যাওয়ার্ড।
এ বছর ‘পাম ডি’ওর’ জয়ের জন্য সারা বিশ্ব থেকে ২২টি চলচ্চিত্র প্রতিযোগীতায় অংশ নিয়েছে। বিজ্ঞ বিচারকদের রায়ে এই ২২টি ছবির থেকে একটি পাবে ‘সোনালী পাম’ খেতাব।
এবছর বিচারকদের মধ্যে আছেন হংকংয়ের নায়িকা ম্যাগি চুং, অস্টে্রুলিয়ার অভিনেত্রী টোনি কোলেট, কানাডার পরিচালক অভিনেত্রী সারাহ পলি, ইটালির পরিচালক মার্কো বেলোচিও, পর্তুগালের অভিনেত্রী পরিচালক মারিয়া ডি মেডিরোস, তুর্কির লেখক ওরহান পামুক, মাওরিতানিয়া’র পরিচালক অ্যাবডেররাহমেন সিস্সাকো, ফ্রান্সের অভিনেতা পরিচালক মিশেল পিককোলি এবং ‘কুইন’ চলচ্চিত্রের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী ব্রিটিশ পরিচালক স্টিফেন ফ্রিয়ার্স।
৬০তম কান চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন চীনের অভিনেত্রী সু কি ও ৯৮ বছর বয়স্ক পর্তুগিজ পরিচালক ম্যানোয়েল ডি ওলিভিয়েরা।
উদ্ভোধনী দিনে জনপ্রিয় তারকাদের মধ্যে অংশ নেন জুলিয়েট বিনোচি, ডেভিড লিন্চ, অ্যান্ডি ম্যাকডোয়েল, চীনের গং লি জর্জ ক্লুনি, শ্যারন স্টোন, ব্র্যাড পিট, লিওনার্দো ডি ক্যাপ্রিও, আল প্যাচিনো, অ্যাঞ্জেলিনা জোলি ও ভারতের ঐশ্বরিয়া রায়।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে প্রধান ছবিটি ছিল জার্মানীর পরিচালক ডিয়ান ক্রুগের হলিউড কাপানো ছবি ‘ট্রয়’।
