২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একই নাটকে একাধিক চরিত্রে তারিন

একটি এক খন্ডের নাটক। অভিনয়ও করছেন মাত্র একজন। তবে চরিত্র একাধিক। নাটকের নাম ‘মায়া’। একাধিক চরিত্রে রূপ দানকারী একমাত্র অভিনেত্রী হচ্ছেন তারিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 09:10 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এটাই প্রথম কোনো নাটক যেখানে অনেকগুলো চরিত্রে একক অভিনয় করছেন তারিন। নাটকটি লিখেছেন ইমদাদুল হক মিলন। পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।

একক অভিনয় শিল্পী হিসেবে অনেকগুলো চরিত্রে কাজ করতে কেমন লাগছে জানতে চাইলে তারিন বলেন, “সত্যি বলতে কাজটি চ্যালেঞ্জিং। কারণ একই নাটকে আমি তরুণীর ভূমিকায় অভিনয়ও করছি; আবার বৃদ্ধার চরিত্রেও অভিনয় করছি। তাই প্রত্যেকবারই আমার মুড পরিবর্তন করে অভিনয় করতে হচ্ছে। যদিও নতুন কুঁড়িতে একক অভিনয় করেছিলাম। তবে সেটা ছিলো ৫মিনিটের একটি স্ক্রিপ্টে একটি মাত্র চরিত্র। আর এটা ৪৫ মিনিটের নাটক, চরিত্র ৫টি। এরকম এ্কটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য চয়নিকা চৌধুরীর কাছে আমি কৃতজ্ঞ।”

এই ৫টি চরিত্রের মধ্যে একটি চরিত্র আবার পুরুষের। সেটার জন্য তরিনকে পুরুষও সাজতে হবে। চরিত্রটি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। এছাড়া অন্যান্য ৪টি চরিত্রগুলো হচ্ছে বৃদ্ধা, তরুণী, নৃত্য শিল্পী এবং  আতœা।

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, “আমার জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা। মিলন ভাই যখন স্ক্রিপ্টটা দিলেন তখন আমার মনে হয়েছে নাটকটির জন্য তারিনই যোগ্য। নাটকের মাত্র দুটি দৃশ্যে তারিনকে দুটি চরিত্রে একসঙ্গে দেখা যাবে। বাকি দৃশ্যগুলোতে তারিনকে একাই দেখা যাবে। এর জন্য সম্পাদনার টেবিলেও আমাকে বেশি সময় দিতে হবে। এত কষ্টের পরও যদি নাটকটা ভালো হয়, দর্শকরা গ্রহণ করে তবে সেটাই আমার প্রাপ্তি। আমার বিশ্বাস, এটা হবে বছরের অন্যতম আলোচিত নাটক।”

নাটকটির শুটিং শুরু হয়েছে ১৬ মে থেকে। ‘মায়া’ দিয়ে এক খন্ডের নাটক পরিচালনার ক্ষেত্রে চয়নিকা চৌধুরী হাফ -- সেঞ্চুরি পূর্ণ করতে যাচ্ছেন।