‘ঝুম বরাবর ঝুম’ ছবিতে জন আব্রাহামের বদলি অভিনেতা ববি দেওয়ল
শাদ আলির ‘ঝুম বরাবর ঝুম’ ছবিতে ববি দেওয়লের উপস্থিতি সবার নজর কেড়েছে। তবে অনেকেই জানেন না এই চরিত্রে ববির জায়গায় জন আব্রাহামের অভিনয় করার কথা ছিলো।
জনকে অবশ্য বাদ দেয়া হয়নি। তিনি নিজেই এই ছবিতে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, “অভিষেক বচ্চন ‘ঝুম বরাবর ঝুম’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করছেন। তাই জন সন্দিহান ছিলেন তার চরিত্রটা ছবিতে গুরুত্ব পাবে কি না। সেকারণেই জনের এই অস্বীকৃতি। শুধু শাদ আলি’র ছবিই নয় যশ রাজের যেসব ছবিতে অভিষেক অভিনয় করছেন সেসব ছবিতেও জন আব্রাহাম অভিনয় করা থেকে বিরত থাকছেন।”
তবে ববি দেওয়লের এসব সমস্যা নেই। তাইতো তিনি অভিষেকের সঙ্গে যশরাজের ছবিতেও অভিনয় করতে রাজি আছেন। তার এই সিদ্ধান্তের কারণেই শাদ আলি ববিকে নিয়ে কাজ করছেন। যদিও অভিষেকের সঙ্গে শাদ আলির খুবই ঘনিষ্ট সম্পর্ক। তাই বলে ছবিতে ববির উপস্থিতির ব্যাপারে কার্পণ্য করেননি শাদ।
‘ঝুম বরাবর ঝুম’ ছবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশেই অভিষেক, প্রিতির সঙ্গে ববিকেও দেখা যাবে। অনেকেই মনে করছেন এই ছবি ববি দেওলকে আবার বলিউডি আলোচনায় ফিরিয়ে আনবে।
এদিকে জন আব্রাহেম নিতী হচ্ছে যে সিনেমায় দু’জন নায়কের চরিত্র থাকবে, সেই সিনেমায় তিনি অভিনয় করবেন না। সে কারনেই দুটি নতুন ছবিতে তিনি একাই নায়কের ভূমিকায় অভিনয় করছেন। সেগুলো হচ্ছে অনুরাগ কাশিয়াপের ‘নো স্মোকিং’ ও নাগেশ কুকুনুরের ‘আশিয়ানি’।
