দাদা ফালকে পুরষ্কার পেলেন দিলিপ কুমার
ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার। ৩০ এপ্রিল দাদাসাহেব ফালকে একাডেমির পক্ষ থেকে তার হাতে এই পুরষ্কার তুলে দেওয়া হবে। খবর ভারতীয় একটি বিনোদন ওয়েবসাইটের।
দাদাসাহেব ফালকে একাডেমি ভারতের চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানজনক প্রতিষ্ঠান। এর সঙ্গে ৩৬টি চলচ্চিত্র সংগঠন জড়িত। প্রতিষ্ঠানটির ৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫৫ জন সিনিয়র চলচ্চিত্রকর্মীকে সম্মাননা জানাবে একাডেমি। এদের মধ্যে আছেন কিংবদন্তীর নায়ক জীতেন্দ্র, শশীকলা, অরুনা ইরানী, বীনা রাই, কুমকুম, সুশীলা রানী পাতিল, পরিচালক লেখ ট্যান্ডন, প্রযোজক রাজকুমার বারজাতিয়া ও কমল কুমার বারজাতিয়া। এরা ছাড়াও অনেক যন্ত্রকুশলী, পরিবেশক ও প্রদর্শকদেরও সম্মাননা জানানো হবে।
পুরস্কার ঘোষণা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য ২৫ এপ্রিল বিখ্যাত অভিনেতা চন্দ্রশেখরের বাংলোয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশক কাম প্রদর্শক শ্যাম শ্রফ, দাদাসাহেব ফালকে একাডেমির চেয়ারম্যান সন্তোষ সিং জৈন, নীনা জালান, রাম গোপাল গুপ্ত, সংগ্রাম সারকে ও আরো অনেক সিনিয়র সদস্য।
সম্মেলনে পদ্মশ্রী উপাধি পাওয়া শশীকলাকে বিশেষ সম্মাননা জানানো হয়। চন্দ্রশেখর তাঁকে একটি শাল উপহার দেন।
