মোহম্মদ রফির গান নিয়ে সোনু নিগম
বলিউডে যখন সোনু নিগম গান করতে আসলেন, তখন অনেকেই ভেবেছিলেন তিনি প্রয়াত গায়ক মোহাম্মদ রফি’র অভাব পূরণ করবেন। ভাবনাটা এবার আক্ষরিকভাবেই ফলতে চলেছে। মোহাম্মদ রফি’র গান নিয়ে একটি প্রকাশিতব্য একটি অ্যালবামে কণ্ঠ দিচ্ছেন সোনু নিগম।
সিটি অফ বার্মিংহাম সিম্ফনি অর্কেস্টার তত্ত্বাবধানে মুম্বাইয়ে এই অ্যালবামের ১৮টি গান রেকর্ড করবেন সোনু। অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধানে আছেন সিম্ফনি অর্কেস্টার কম্পোজার ও সমন্বয়কারী টিম পটিয়ার। তিনি প্রায় এক বছরের উপর মোহাম্মদ রফির গান নিয়ে গবেষণা করছেন।
এই সপ্তাহেই রেকর্ডিংয়ের কাজ শুরু হবে। সোনু বলেন, “এই অ্যালবামে কাজ করার জন্য যে আমাকে প্রস্তব দেয়া হবে, তা ভাবতেই পারিনি। এই অ্যালবামের মাধ্যমে আমার সঙ্গীত জীবনের একটি স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।”
তিনি আরো বলেন, “এই প্রজেক্টটি সিম্ফনি অর্কেস্টার ব্রেইন চাইল্ড। তবে এতটুকু বলতে পারি মোহম্মদ রফির অনেক গানই জনপ্রিয়। তবে যে সব গানে পশ্চিমা যন্ত্রের ব্যবহার করা যাবে সেসব গানই এই অ্যালবামের জন্য বাছাই করা হয়েছে। পুরনো গান নতুন করে গাওয়া আসলেই কঠিন। বিশেষ করে মোহম্মদ রফি’র মতো কিংবদন্তী গায়কের গানের বেলায় একথা আরো বিশেষভাবে প্রযোজ্য। তবে এক্ষেত্রে আমি নিজের মতো করেই গান করবো, আর তার স্টাইলটাও মাথায় রাখবো।”
যেসব গান ইতিমধ্যেই বাছাই করা হয়েছে সেগুলো হলো-ইয়াদ না যায়ে, পাথার কে সনম, তারিফ কারো কিয়া উসকি, তুম জো মিল গ্যায়ে হো ইত্যাদি। এর মধ্যে সোনুর নিজের প্রিয় জাত জামলা পাগলা দিওয়ানা ও রয়েছে।
সোনু জানান, “মোহাম্মদ রফি আমার সঙ্গীত জীবনের গুরু। যদিও মঞ্চে তার গান শোনার সৌভাগ্য আমার হয়নি। কারণ আমি ছোট থাকতেই তিনি মারা গিয়েছেন।”
