ফিরোজ নাদিয়াদওয়ালার ছবিতে মাইক টাইসন
বিশ্ববিখ্যাত মুষ্ঠিযোদ্ধা মাইক টাইসনকে তার ছবি ‘ফুল এন ফাইনাল’ এর প্রমোশনাল ভিডিওতে অংশ নেয়ার জন্য অনুরোধ করেছেন ফিরোজ নাদিয়াদওয়ালা।
ব্যয়বহুল অ্যাকশন ছবির জন্য পরিচিত ফিরোজ এবারেও বিশাল বাজেট নিয়ে মাঠে নামছেন। এ ছবিতে তারকাদের তালিকা দেখলেই বাজেট সম্পর্কে খানিকটা আঁচ পাওয়া যাবে। ‘ফুল এন ফাইনালে’ আছেন সানি দেওল, শহীদ কাপুর, সুনীল শেঠী, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, বিবেক ওবেরয়, বিপাশা বসু, আরবাজ খান, আয়েশা টাকিয়া ও সামিরা রেড্ডি। বরাবরের মতো এবারেও ফিরোজ ছবির জন্য একটা বিশেষ প্রমোশনলি ভিডিও বানানোর উদ্যোগ নিচ্ছেন।
অন্যরা যেখানে বিশ্বখ্যাত গায়ক গায়িকাদের নিয়ে প্রমোশনাল ভিডিও করেন সেখানে মাইক টাইসনের মতো মুষ্ঠিযোদ্ধাকে ব্যবহার করার ইচ্ছেটা বিস্ময়করই বলতে হবে। অনেকের ধারনা অ্যাকশন ছবি বলেই টাইসনকে বাছাই করেছেন ফিরোজ।
নাদিয়াদওয়ালার প্রস্তাবে মাইক টাইসন মৌখিক সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। চুক্তিতে স্বাক্ষর করার আগে তার ম্যানেজার খুটিনাটি বিষয়গুলো বিবেচনা করে দেখছেন এখন। চিত্রায়নের কাজে ২০ এপ্রিল ভারতে আসার ব্যাপারে টাইসন ছাড়পত্রও পেয়ে গেছেন।
ছবির পরিচালক আহমেদ খান প্রমোশনালটির কোরিওগ্রাফির কাজ করবেন। শোনা যাচ্ছে, ওই ছবিতে হিমেশ রেশমাইয়ার করা মিউজিকও মাইক টাইসনের মাধ্যমে রিলিজ করা হতে পারে।
