২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বছর পর ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে অবসকিউর

‘কাল রাতে তুমি ছিলে জ্যোৎস্নার সাথী ’, ‘গোঁধূলি বিদায় সাগর তীরে’, ‘স্বপ্নগুলো কেন এলোমেলো’ এরকম বহু জনপ্রিয় গানের জন্য ব্যান্ড ‘অবসকিউর’ শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। এই বৈশাখে প্রকাশ পেতে যাচ্ছে ব্যান্ডটির ষষ্ঠ অ্যালবাম ‘প্রতীক্ষার পালা’। এর আগে তাদের সর্বশেষ অ্যালবাম ‘ফেরাতে তোমায়’ প্রকাশিত হয় ২০০১ সালে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 06:56 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

‘ছয় বছর পর ষষ্ঠ অ্যালবাম বের করার পরিকল্পনা কী আগেই ছিলো?’ প্রশ্ন শুনে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান কণ্ঠদাতা টিপু মজা করে বললেন, “হ্যাঁ.. এরপর সপ্তম অ্যালবাম বের করবো সাত বছর পর। হা..হা..হা...” এরপর সিরিয়াস হয়ে বলেন, “নাহ ইচ্ছে করে করিনি। হয়ে গেছে। তবে ২০০১ সালের অ্যালবামের পর আমাদের আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়। কিন্তু সেটিকে আমাদের অ্যালবামের সিরিয়ালে ফেলি না। কারণ সেটা ছিলো ‘অবসকিউর আনপ্লাগড’। পরোনো গানগুলিই সেখানে অ্যাকুয়েস্টিক ইন্সট্রুমেন্ট দিয়ে বাজানো হয়েছে। তাই সেটাকে আর নতুন অ্যালবামের তালিকায় ফেলছি না। সে হিসেবে বলতে গেলে ছয় বছর পর আমাদের পঞ্চম অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে।”

টিপু আরো জানান-ধারাবহিকতা বাজায় রাখতে গিয়ে এই অ্যালবামেও তারা মেলোডি নির্ভর গানই করেছেন। তবে স্টেজ পারফরমেন্সের দিকটা লক্ষ্য রেখে দ্রুত লয়ের গানই বেশি করেছেন। আর সেগুলো রক এবং রক এন রোল ধর্মী।

অ্যালবামটি বের হচ্ছে ‘আরশী’ মিউজিকের ব্যানারে। আর পরিবেশনার দায়িত্বে আছে ‘অগ্নিবীনা’।

ব্যান্ডের নতুন লাইন আপ হচ্ছে: প্রধান কণ্ঠ-টিপু, কিবোর্ড-আশিক, ড্রামস ও পারকাশন-শামিম এবং লিটন ডি কস্টা, বেস-তামিম ও গিটার-রাজিব।

‘অবসকিউর’ ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮৬ সালে। তাদের প্রথম দুটি অ্যালবামই ব্যান্ডের নামে মুক্তি পায়। তাদের তৃতীয় অ্যালবামের নাম ‘স্বপ্নচারিনী’।