মা হওয়ার খবর অস্বীকার করলেন কিডম্যান
হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান মা হতে চলেছেন-নিউজ অফ দি ওয়ার্ল্ড এ প্রকাশিত এ খবর পুরোপুরি অস্বীকার করেছেন কিডম্যান।
‘মা হওয়ার খবরটা নিশ্চিত হওয়ার পর কিডম্যান আনন্দে আত্মহারা’, নিকোল কিডম্যানের বন্ধুদের বরাত দিয়ে ৮ এপ্রিল এরকম খবর প্রকাশ করেছে লন্ডনের নিউজ অফ দি ওয়ার্ল্ড।
নিকোল এবং তার স্বামী কিথ আরবান, দুজনের বয়স ৩৯। গত জুনে বিয়ের পর থেকেই তারা একটি সন্তান নেয়ার জন্য সচেষ্ট ছিলেন।
বন্ধুদের বরাত দিয়ে নিউজ অফি দি ওয়ার্ল্ড লেখে, “ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার সেন্ট জনস হেলথ কেয়ার সেন্টারে চেক আপ করাতে গেলে কিডম্যান এই সুখবর পান। এ সময়ে তাকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল। ডাক্তারের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর তার মুখে হাসি ফোটে। তৎক্ষনাৎ ফোনে সুখবরটি কিথকে জানিয়ে দেন তিনি। ....উৎফুল্ল নিকোল ইতিমধ্যে ১৬৫ পাউন্ড দিয়ে ন্যাপি ব্যাগসহ আরো কিছু পণ্য কিনেছেন যা সদ্যজাত শিশুর জন্য দরকারী।”
ক্যালিফোর্নিয়ার ওই হাসপাতালে কিছুদিন আগে সাবেক স্পাইস গার্ল মেল বি এক কন্যা সন্তানের জন্মদান করেন।
তবে নিকোলে কিডম্যান এই খবরের পুরোটাই অস্বীকার করেছেন। একটি ছবির কাজে কিথের সাথে নিজ দেশ অস্ট্রেলিয়াতে পৌছে তিনি খবরটি শুনতে পান। “খবরটি শতকরা ১০০ ভাগ অসত্য”-সোমবার নিকোলের পক্ষে তার মুখপাত্র ওয়েন্ডি ডে বলেছেন এ কথা।
“তিনি এখানে ছবির কাজে প্রত্যন্ত এবং জনবিরল জায়গাগুলিতে যাবেন, ঘোড়ায় চড়বেন এবং ছবির কাজে অস্ট্রেলিয়াতে কাটাবেন ৭ মাস।” জানিয়েছেন ওয়েন্ডি। “মা হওয়ার সম্ভাবনা থাকলে নিশ্চয়ই এসব কাজ করতেন না তিনি।” সূত্র : ওয়েবসাইট।
