২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাকতালীয়ভাবে পাওয়া গেল চীনা-মার্কিন যৌথ উদ্যোগের প্রথম ছবি

এশিয়া-মার্কিন যৌথ উদ্যোগে প্রথম ছবি বানানো হয় ১৯১৬ সালে। এক চীনা অভিবাসী মারিও ওং ৩৫ মিনিট দৈর্ঘ্যরে ওই ছবিটি নির্মান করেন। ছবির নাম ‘দি কার্স অফ কুয়োন গোন’। সম্প্রতি আমেরিকার সানফ্রানসিসকো ইন্টারন্যাশনাল এশিয়ান-আমেরিকান ফিল্ম ফেস্টিভালে ছবিটি প্রদর্শিত হয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এক পুরোনো ধুলিময় ওয়ারড্রোবে দশকের পর দশক ধরে পরে ছিল এই ছবির রিল। চিরস্থায়ী বিলুপ্তির হাত থেকে একে রক্ষা করেন চলচ্চিত্রকার আর্থার ডং। তার নির্মানাধীন প্রামাণ্য চলচ্চিত্র ‘হলিউড চাইনিজ’ নিয়ে কাজ করার সময় ওং এর উত্তরাধিকারীদের সূত্রে তিনি এই ছবির সন্ধান পান। ছবিটির গুরুত্ব বুঝে এটি তিনি নিয়ে যান অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস এর দফতরে। যে ভাবে হোক ছবিটি আদিরুপে ফিরিয়ে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করেন অ্যাকাডেমিকে।

গত বছর আমেরিকার লাইব্রেরি অফ কংগ্রেস ছবিটিকে ন্যাশনাল ফিল্ম রেজিস্ট্রি বিভাগে অন্তর্ভূক্ত করে নেয়। এই সম্মান এর আগে পেয়েছে কেবল ২৫টি ছবি।

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে নির্মিত এই ছবিতে এক আদি চীনা দেবতার অভিশাপে শোকতপ্ত এক পরিবারের কথা তুলে ধরা হয়েছে। ছবিতে পরিচালক ও প্রযোজক ওং নিজেই খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। তার বোন ভায়োলেট ওং করেছেন নায়িকার চরিত্র।

ওং এর নাতি গ্রেগ মার্ক জানান, “ ওং তার সময়ের বিখ্যাত চলচ্চিত্রকার গ্রিফিথের মতো ভাল ছবি বানাতে চেয়েছিলেন।”

ওকল্যান্ড থেকে ২০ মাইল দুরেই ছিল এসানে ফিল্ম কোম্পানির স্টুডিও। ১৯১৫ সালে সেখানে চার্লি চ্যাপলিন ১৪টি শর্টফিল্ম তৈরি করেছিলেন। ওং এর জন্য এটাও একটা বড় প্রেরণা হতে পারে।