অমিতাভ মিঠুন অভিনয় করবেন ‘গঙ্গোত্রী’ ছবিতে
‘গঙ্গা’র বিপুল সাফল্যে অনুপ্রাণিত হয়ে অমিতাভ বচ্চনের মেক - আপ ম্যান এবং প্রযোজক দীপক সাবন্ত এর সিকুয়েল তৈরির ব্যাপারে উদ্যোগী হয়েছেন। সিকুয়েলের নাম ‘গঙ্গোত্রী’। ১৭ বছর পর এই ছবিতে একত্রে কাজ করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন ও মিঠুন চক্রবর্তী। ১৯৯০ সালে ‘অগ্নিপথ’ ছবিতে তারা সর্বশেষ অভিনয় করেছিলেন। গঙ্গোত্রী ছবিতে মিঠুন অমিতাভের প্রতিপক্ষের ভুমিকায় থাকবেন।
দীপক বলেছেন, “মিঠুনদা ঠিক ভিলেন হিসেবে থাকছেন না এ ছবিতে। আমরা তার সাথে চরিত্রটা নিয়ে কথা বলেছি। তিনি মৌখিখভাবে সম্মতি দিয়েছেন। তবে বিষয়টি এখনো চুড়ান্ত হয়নি।”
প্রথম ছবিতে রবি কিষেনের নায়িকা হিসেবে থাকলেও এই সিকুয়েলে নাগমা থাকছেন না। তাদের সম্পর্কের অবনতিই হয়তো এর কারণ। তবে সাবন্ত এই অনুমানের কথা অস্বীকার করেছেন।
তবে ছবির নায়িকা হিসেবে ইতিমধ্যে ভুমিকা চাওলা চুক্তিবদ্ধ হয়েছেন। দীপক জানিয়েছেন, “ গঙ্গায় মনোজ তিওয়ারির বিপরীতে কেউ ছিল না। এবারে চাওলা সে জায়গায় অভিনয় করবেন। মিঠুনদা চাওলার বড় ভাই এর ভুমিকায় অভিনয় করবেন।”
গঙ্গার পরিণতিতে বচ্চনকে দেখা গেছে জেল খাটতে। গঙ্গোত্রী’র কাহিনী শুরু হবে বচ্চনের মুক্তির পর থেকে। বচ্চনের বিপরীতে অভিনয় করবেন হেমা মালীনি। ১৬ এপ্রিল ছবির শুটিং শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
