পার্বতীর সাথে দেখা হবে তুলসীর
বিশ্বকাপের সময় দর্শক ধরে রাখার জন্য স্টার প্লাসের জনপ্রিয় কে সিরিজের কাহিনীগুলিতে অভিনব পরিবর্তন আনছেন বালাজী ফিল্মস এর কর্ণধার একতা কাপুর। এরই অংশ হিসেবে সোমবার পার্বতী ও তুলসী চরিত্র দুটিকে একই পর্বে মুখোমুখি হতে দেখা যাবে যেখানে পার্বতী বন্দুক উঁচিয়ে থাকবেন তুলসীর দিকে।
স্টার প্লাসের কে সিরিজের ধারাবাহিক হিন্দি নাটকগুলো বাংলাদেশের বিশেষ করে মধ্যবিত্তদের ঘরে ঘরে রুটি ভাজির মতোই আবশ্যিক আইটেমে পরিণত হয়েছে। এদেশের কন্যা জায়া জননীদের প্রধানতম বিনোদন এই সিরিয়ালগুলি। এর মধ্যে বিশেষভাবে হিট সিরিয়াল ‘কাহানী ঘর ঘর ঘর কি’ এবং ‘কিঁউকি সাঁশ ভি কভি বহু থি’। পার্বতী ‘কাহানী ঘর ঘর কি’র শীর্ষ চরিত্র, তুলসী ‘কিউ কি শ্বাস ভি কভি বহু থি’র।
বিশ্বকাপের সময় দর্শক ধরে রাখার জন্য একতা কাপুরের প্রযোজনা সংস্থা নানারকম গবেষণা চালাচ্ছে সিরিয়ালগুলি নিয়ে। তারই একটি হলো একটা সিরিজের কাহিনীর সাথে অন্য একটি সিরিজের কাহিনীর মেলবন্ধন ঘটানো। এরই অংশ হিসেবে সোমবার ৯০ মিনিটের এক মেগা পর্বে উপরের ওই দুটি সিরিজের দুই প্রধান চরিত্র পার্বতী ও তুলসীর সাক্ষাৎ হবে। স্টারপ্লাসে ভারতীয় সময় রাত ১১টায় প্রচারিত হবে এই পর্ব।
এই পর্বের থিম হচ্ছে Ñ পার্বতী একটা পার্টি দেবে যেখানে হাজির হবে কিঁউকি পরিবারের সদস্যরা। সেখানে সম্প্রতি চালু করা কিয়ামত এর সদস্যরাও থাকবে। তিনটি আলাদা আলাদা কাহিনী এখানে একইসঙ্গে এগিয়ে যাবে এবং তিনটি সিরিজের তিনটি বড় রহস্যের উন্মোচন হবে।
বালাজী প্রযোজনা সংস্থার সৃজনশীল শাখার প্রধান নিবেদিতা বসু বলেন, “২৬ মার্চ বিশ্বকাপের কোন খেলা নেই। ওই দিনেই এই তিনটি কাহিনীকে একটি ফ্রেমে নিয়ে আসার পরিকল্পনা এঁটেছেন একতা। এ পর্বটির চিত্রনাট্য অনেকটা চলচ্চিত্রের মতো করে তৈরি করা হয়েছে। এই বিশেষ পর্বে পার্বতী ও তুলসী তাদের পরষ্পরের কিছু গোপন খবর জানতে পারবেন। একসময় দর্শক দেখতে পাবেন পার্বতী তুলসীর দিকে বন্দুক উঁচিয়ে আছেন।”
“ঘটনাবলী আমরা এমনভাবে সাজিয়েছি যে এই স্পেশাল শো শেষ হয়ে গেলে ওই তিনটি কাহিনী আবার আলাদা আলাদাভাবেই চলতে পারবে।” নিবেদিতা জানান, বুধবার থেকে এই বিশেষ পর্বের শুটিং শুরু করেছেন তারা, চলবে রবিবার পর্যন্ত। এই উদ্যোগ সফল করতে তিনটি ইউনিটের কলাকুশলীসহ ৮০ জন অভিনেতা অভিনেত্রী এবং ৫ জন পরিচালক দিন রাত কাজ করে চলেছেন।
