টাইটানিকের কেট - ক্যাপ্রিও জুটি আবারো একত্রে ছবি করছেন
১৯৯৭ সালের বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের হতভাগ্য প্রেমিক প্রেমিকার ভুমিকায় অভিনয় করা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেট উইন্সলেট আবারো একত্রে এক ছবিতে অভিনয় করছেন। ‘ রেভ্যুলিউশনারি রোড’ নামের এই ছবিটি পরিচালনা করবেন কেটের স্বামী ব্রিটিশ চলচ্চিত্রকার স্যাম মেন্ডেজ। ১৯৯৯ সালে স্যাম ‘আমেরিকারন বিউটি’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরষ্কার পান।
ড্রিমওয়ার্কস প্রযোজিত এই চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে ১৯৬১ সালে লেখা রিচার্ড ইয়েটস এর উপন্যাস অবলম্বনে। উপশহরের এক দম্পতিকে কেন্দ্র করে এর কাহিনী আবর্তিত হয়। প্রতিদিনের ক্লান্তিকর চাকরি , দৈনন্দিন কাজ আর শিল্প সংস্কৃতি ও শুদ্ধতার চর্চার টানাপড়েনে হাঁফিয়ে ওঠে তারা।
‘রেভ্যুলিউশনারি রোড ’কে আধুনিক আমেরিকান সাহিত্যের অন্যতম সেরা কাজ বলে বিবেচনা করা হয়। টাইম ম্যাগাজিন এর সর্বকালের সেরা শত বইয়ের তালিকায় এটি জায়গা করে নিয়েছে।
ডিক্যাপ্রিও ও উইন্সলেট দুজনেই এ বছর অস্কার এ মনোনয়ন পান । এ পর্যন্ত ডি ক্যাপিও তিনবার ও উইন্সলেট ৫ বার অস্কার মনোনয়ন পেয়েছেন।
