ওজন কমানো নিয়ে ভুল সংবাদ প্রকামের মামলায় জয়ী হলেন কেট উইন্সলেট
শুষ্কং কাষ্ঠং হয়ে থাকবার জন্য হলিউড তারকা বা মডেলরা যে প্রাণান্তকর চেষ্টা চালান কেট উইনস্লেট তার ঘোর বিরোধী। অথচ তার সম্পর্কেই কিনা ‘দ্য উইকলি গ্লসি’তে খবর ছাপা হয়েছে যে তিনি ডাক্তারের শরণাপন্ন হয়েছেন ওজন কমাবার জন্য। বিষয়টি নিয়ে কেট কোর্ট পর্যন্ত গিয়েছেন। কেটের প্রতিবাদের মুখে ওই পত্রিকা পরে ক্ষমা চাইতে বাধ্য হয়।
বৃটেনের ‘দ্য উইকলি গ্লসি’তে প্রকাশিত ওই খবরে বলা হয় যে, “ক্যালিফোর্নিয়ার একটি চাইনিজ নিরাময় প্রতিষ্ঠানে উইন্সলেট ওজন কমাবার জন্য পরামর্শ নিতে গেছেন।”
কেট উইন্সলেটের আইনজীবী র্যাচেল অ্যাটকিনস হাই কোর্টে বলেন, “ ম্যাগাজিনে প্রকাশিত খবরটি ভুল। কেট ওজন কমাবার জন্য নয়, ঘাড়ের ক্ষত চিকিৎসার জন্য তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন।”
কোর্ট পর্যন্ত যেয়েই থেমে থাকেননি কেট। তিনি পত্রিকার সম্পাদকের কাছেও অভিযোগ জানিয়েছেন। আর পত্রিকাটি তাদের ভুল স্বীকার করেছে। ফলে মানসিক শান্তি পেয়েছেন কেট।
কেট মনে করেন প্রকৃতি প্রদত্ত সৌন্দর্যটাই আসল। কৃত্রিম উপায়ে শরীরকে আকর্ষণীয় বাঁকসমৃদ্ধ করে তোলার মধ্যে মধ্যে কোন বাহাদুরি নেই। তার ভাষায়,“ আমি বিশ্বাস করি শরীর বাঁকগুলো একটা প্রাকৃতিক, নারীসুলভ আর অকৃত্রিম বিষয়। আমি আশা করে যাবো যে মেয়েরা তাদের ভেতরের সৌন্দর্যকেই প্রাধান্য দেবে।”
