পরিচালনাতেই ব্যস্ত মাহফুজ
মাহফুজ আহমেদ এককভাবে প্রথমবারের মতো পরিচালনায় হাত দিয়েছেন। এবং একটি নয় দু দুটো টেলিফিল্ম পরিচালনার কাজ শুরু করেছেন তিনি । একটির নাম ‘এখানে আকাশ নীল’। রচনা করেছেন প্রসূন রহমান। মাহফুজ নিজে ছাড়াও এতে অভিনয় করেছেন অপি করিম ও হাসান মাসুদ। আরেকটি নাটক হচ্ছে ‘বাতাসের ঘ্রাণ’। এই নাটকেও পরিচালনার পাশাপাশি মাহফুজ অভিনয় করছেন। সাথে আছেন তারিন। প্রথম নাটকটির কাজ শেষ হয়ে গেলেও দ্বিতীয় নাটকটির কাজ এখনো শেষ হয়নি বলে জানান মাহফুজ।
নাটকগুলো কোন চ্যানেলে যাবে? প্রশ্নটি রাখতেই মাহফুজ জানালেন,“ কোন চ্যানেলে যাবে, কী যাবে না, এসব নিয়ে ভাবছি না। আসলে আমি মনের আনন্দের জন্য পরিচালনা করছি। অভিনয় করতে করতে যখন ক্লান্ত হয়ে যাই তখনই পরিচালনা করে মনের ক্লান্তি কাটাই। ঠিক করেছি এবছরটা প্রোডাকশনেই সময় দেবো। কারণ নাটকগুলো আমার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান বাণীচিত্র থেকে করা।”
আর চলচ্চিত্রের অবস্থা কী? নতুন কোন ছবিতে অভিনয় করছেন কী? মাহফুজ জানান,“ নার্গিস আক্তারের একটি ছবিতে কাজ করার কথা প্রাথমিকভাবে হয়ে আছে। সেটা এই বছরের মাঝামাঝিতে হবে। তবে এখনো চুড়ান্ত কিছু না। ছবিটির শুটিং দেশের বাইরে হবার কথা।”
অভিনয় দিয়ে মানুষের হৃদয় জয় করলেও মাহফুজ আহমেদ প্রথম জীবনে সাংবাদিক ছিলেন। তবে এখন তিনি অভিনয় শিল্পী। আর নাটক পরিচালনা শুরু করেন এই বছর। নাটকের ন্মা ‘আমাদের নুরুল হুদা’ । তবে একা নন, অরণ্য আনোয়ারের সঙ্গে করেছেন এই পরিচালনা। এটিও তার প্রযোজনায় করা। ১০৪ পর্ব তৈরীর পর যদি দর্শকদের চাহিদা থাকে তবে পর্ব আরো বাড়ানো হবে বলে জানান মাহফুজ।
