রাণীর সাথে দেখা করেছেন শিল্পা শেঠী
সোমবার কমনওয়েলথ দিবসে বৃটেনের রাণীর সঙ্গে দেখা করলেন বলিউড তারকা শিল্পা শেঠী। দিবসটি উপলক্ষ্যে শেঠী ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে বিশিষ্ট ব্যাক্তিদের এক সমাবেশে বর্ণবাদ ও এইডস নিয়ে বক্তব্য রাখেন। শিল্পাসহ কমনওয়েলথভুক্ত ফিজি, নাইজেরিয়া, উত্তর আয়ারল্যান্ড ও জ্যামাইকার বক্তারা ওই অনুষ্ঠানে ভাষন দেন। সমাবেশে ২ হাজার বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। খবর পিটিআইয়ের।
কমনওয়েলথ দিবস উপলক্ষে আয়োজিত ওই সমাবেশে রাণী তার ভাষণে পারষ্পরিক সম্মান ও সমঝোতার উপর গুরুত্ব আরোপ করেন। রাণী তার ভাষনে জানান, “ বিভিন্ন ধর্ম, জাতি, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রায় ২০০ কোটি লোক বাস করে কমনওয়েলথভুক্ত দেশগুলিতে।” এটি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ।
রাণী বলেন, “ আমি মনে করি আজকের এই কঠিন ও বহুধা বিভক্ত দুনিয়ায় পরষ্পরের প্রতি বিশ্বাস ও সমঝোতা বজায় রেখে চলাটা অন্য যে কোন সময়ের চেয়ে জরুরী হয়ে দাড়িয়েছে।”
“আমরা একটি সমৃদ্ধ জাতি; অতীতকে আমরা খুবই মূল্য দিই, সুন্দর আগামী নির্মানের জন্য আমরা বর্তমানে একত্রে কাজ করি। বৈচিত্র্যকে সম্মান করলে এবং সমঝোতার উন্নয়ন ঘটালে আমাদের সকলের জন্যই ভবিষ্যতটা আরো সুন্দর হবে।”
শৈশবে মুম্বাইয়ে তার বেড়ে ওঠার অভিজ্ঞতার সূত্র ধরে সমাবেশের উদ্দেশ্যে শিল্পা শেঠী বলেন, “ প্রতিদিনই বৈচিত্রের সাথে খাপ খাইয়ে আমাদের এগিয়ে যেতে হয়, এটা যদি আমরা না করি তাহলে আমাদের কোন ভবিষ্যৎ নেই।”
ভাষনের পরে শিল্পা রাণী ও তার স্বামী প্রিন্স ফিলিপের সাথে দেখা করেন। তাদের আলাপচারিতায় কমনওয়েলথ এর গুরুত্বের প্রসঙ্গটি উঠে এসেছে বেশি। রাণী বলেন, “ কমনওয়েলথ এর কাজে অংশ নেয়াটা যেমন উৎসাহব্যঞ্জক তেমনি ব্যক্তিগত আনন্দেরও উপলক্ষ বটে।”
শিল্পা বলেন যে তিনি খুবই খুশি হয়েছেন যে বিগ ব্রাদার হাউজমেটদের কারো বিরুদ্ধে পুলিশ কোন চার্জশিট দেয়নি। “সেলিব্রিটি বিগ ব্রাদারের ঘটনাকে আমি ভুলে যেতে চাই।”
মার্চের দ্বিতীয় সোমবার কমনওয়েলথ দিবস পালিত হয়। বিশ্বের ৫৩টি দেশ এর সদস্য।
