২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোলকাতায় বচ্চন ম্যানিয়া

ঋতুপর্ণ ঘোষের ছবিতে অভিনয় করার সুবাদে এখন কোলকাতায় রয়েছেন অমিতাভ বচ্চন। ছবির সম্ভাব্য নাম ‘দি লাস্ট লিয়ার’। তাকে দেখার জন্য ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে চলচ্চিত্র প্রযোজক প্রতিষ্ঠানটিকে। একই সঙ্গে তারা বিষয়টিকে উপভোগও করছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 07:08 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

“বচ্চন বাবু কতটা জনপ্রিয় সেটাতো সবাই জানে। এখানে হোটেলের এবং স্টুডিওর বাইরে গ্যাট হয়ে বসে আছে জনতা ঘন্টার পর ঘন্টা ধরে। চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। এরা সবাই এক নজর তাদের প্রিয় তারকাকে দেখতে চায়।” লাস্ট লিয়ারের প্রযোজনা সংস্থা প্লানম্যান স্টেটসের সুভো শেখর ভট্টাচার্য্য বলেছেন এ কথা।

“হোটেলে কঠিন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।  ভক্তরা অবশ্য খুব বেশি ঝাামেলা করছে না। তবে এতো এতো লোকের সমাগম দেখে মনে হচ্ছে এখানে মেলা বসে গেছে।” হাসতে হাসতে বললেন সুভো।

ঋতুপর্ণ ঘোষের এই ইংরেজি ছবিতে অমিতাভের সঙ্গে আছেন প্রীতি জিনতা, অর্জুন রামপাল, শেফালি শাহ, যিশু সেনগুপ্ত ও দিব্য দত্ত। এবার নিয়ে ঘোষের সঙ্গে তৃতীয়বারের মতো একত্রে কাজ করছে প্লানম্যান মোশন পিকচার্স। এর আগে তারা করেছেন ‘দোসার’ যেখানে অভিনয় করেছেন কঙ্কণা সেন শর্মা ও প্রসেনজিৎ। বাংলা ও হিন্দি দুটি ভাষাতেই নির্মিত ‘সানগ্লাস’ এ ছিলেন জয়া বচ্চন, নাসিরুদ্দিন শাহ, মাধবন ও কঙ্কণা। এই ছবির চিত্রায়ন পরবর্তী কাজ চলছে। জুলাই বা আগস্টে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

১০ এপ্রিলের মধ্যে কোলকাতায় দি লাস্ট লিয়ারের উল্লেখযোগ্য অংশের কাজ সেরে ফেলার পরিকল্পনা রয়েছে প্লানম্যানের। এরপর শুরু হবে আউটডোর শুটিং। সেটা অস্ট্রেলিয়াতে করার সম্ভাবনাই বেশি।