ভুল নাটকে প্রথম একসাথে মোনালিসা ও অপূর্ব
ইমদাদুল হক মিলন রচিত ‘ভুল’ নাটকে মডেল অভিনেত্রী মোনালিস ও অপূর্ব প্রথম জুটিবদ্ধ হলেন। নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
মোনালিসা আর অপূর্ব দুজনেই মডেলিং দিয়ে মিডিয়া জগতে যাত্রা শুরু করলেও এটাই তাদের একসাথে প্রথম কাজ। অনুভূতি জানাতে গিয়ে মোনালিসা বলেন,“অপূর্বর সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। সহশিল্পী হিসেবে সে বেশ বুঝদার।”
মোনালিসা মডেলিং দিয়ে মিডিয়া জগতে এলেও এখন কোন বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন না। কারণ কী? “কারণ পড়ালেখা নিয়ে দারুণ ব্যস্ত।” মোনালিসার সরল উত্তর। তিনি আরো বলেন, “বিবিএ পড়ছি। সেকেন্ড সেমিস্টার চলছে। পড়ার খুবই চাপ। তাই সেদিকেই মনোযোগ বেশি দিচ্ছি। তবে এর ফাঁকে মডেলিং যে করবো না তা নয়। একটি মেহেদি প্রতিষ্ঠানের সাথে কাজ করার কথা চুড়ান্ত হয়ে আছে। তারা উপটান জাতীয় একটি প্রোডাক্ট বাজারে ছাড়বে। সেটার কাজ শুরু হলেই আবার আমাকে বিজ্ঞাপনে দেখা যাবে।” আর নাটক? “বেশ কয়েকটি নাটকের স্ক্রিপ্ট পেয়েছি। সেগুলো পড়া এখনো শেষ হয়নি। পড়া শেষে যেগুলো ভালো মনে হবে সেগুলোতে কাজ শুরু করবো। আসলে আমি এখন পড়াশুনার নিয়েই বেশি ব্যস্ত। এর ফাঁকে ভালো কোন নাটক বা মডেলিংয়ের প্রস্তাব পেলেই কাজ করবো।”
মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও এরই মধ্যে মোনালিসা প্রায় দশটির মতো নাটকে অভিনয় করে ফেলেছেন। তার অভিনীত প্রথম নাটক হানিফ সংকেতের ‘পুত্রদ্বয়’। প্রচারিত হয় ২০০০ সালে।
