২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ বছর পর আবার সুর করলেন ফাহমিদা নবী

২৬ মার্চ বাংলা ভিশনে প্রচার করা হবে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘হৃদয়ের গান’। অনুষ্ঠানটিতে নিজের করা সুরে গাইবেন ফাহমিদা নবী। গানের কথা ‘কতটা বছর খুলিনিতো তোমার ডায়রিটা’। এর আগে ২০০০ সালে প্রকাশিত তার ‘সোনার শিকল’ অ্যালবামের দুটি গানে সর্বশেষ সুর করেছিলেন ফাহমিদা। ৭ বছর পর আবার সুর করলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 07:11 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ফাহমিদা নবী বলেন,“সঙ্গীত মাধ্যমটি আসলে একটা টিম ওয়ার্ক। গীতিকার, সুরকার, যন্ত্রীরা মিলে সবাই যখন গান তৈরিতে বসি, তখন দেখা যায় আমি একটু সাজেশন দিচ্ছি। অন্যজন দিচ্ছেন। এভাবে একটি গানের জন্ম হয়। সাত বছর আগে এভাবেই সুর করতাম। এখনও এভাবেই করছি। এক্ষেত্রে গীতিকার আসিফ ইকবাল আমাকে সবচেয়ে বেশি উৎসাহ যোগাচ্ছেন।”

অন্যদিকে এনটিভির জন্য নির্মিত ‘পরস্পর’ ধারাবাহিক নাটকের শীর্ষ সঙ্গীতেও সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি।

ফাহমিদা নবী এখন পহেলা বৈশাখ উপলক্ষে তার নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত । প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে। এই অ্যালবামের দুটি গানেও সুর করবেন তিনি।