ফ্যাশন এবং প্রডাকশন হাউজ দিতে যাচ্ছেন ফারদিন খান
জন আব্রাহাম এবং সেলিনা জেটলির পর বলিউড অভিনেতা ফারদিন খানও নামতে যাচ্ছেন ফ্যাশন বাণিজ্যে। ফারদিন নিজেই তার হাউজের বিজ্ঞাপনও করবেন।
নতুন এই উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে ফারদিন জানান, “আমি এবং আমার শ্যালক চিন্তা করছি যৌথভাবে দুটি ক্লথসলাইন খুলবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথমে দিল্লিতে তিনটি আউটলেট খুলবো এবং একটি পাঞ্জাবে। সেখানে পাওয়া যাবে পশ্চিমা ধাঁচের পোশাক এবং সেগুলোর ডিজাইন করবো আমি নিজেই এবং আমার পরিচিত কয়েকজন ফ্যাশন ডিজাইনার।”
পাশাপাশি ফারদিন একটি প্রডাকশন হাউজ খোলারও পরিকল্পনা করছেন। তিনি বলেন, “এটা এখনো আমার পরিকল্পনাতেই আছে। এ বছরের শেষে আমি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারবো বলে আশা করছি। আমার কাছে কিছু নির্দিষ্ট আইডিয়া এবং মজার চিত্রনাট্য আছে। এগুলো তৈরী করার উপযুক্ত লোক আমিই, এরকমই আমার মনে হয়। কাজ করবো পরিচালক সুপর্ন ভার্মার সঙ্গে। তার সঙ্গে এর আগে আমি ‘এক খিলাড়ি এক হাসিনা’ তে কাজ করেছিলাম।
পারিবারিকভাবে ফারদিন রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত।
