ভাইয়ের জন্য প্রিয়াংকার মহামুল্যবান উপহার
এই সময়ে মুম্বাইয়ের সুখী কিশোরদের একজন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার ভাই, সন্দেহ নেই। তার জীবনের অন্যতম মূলব্যান উপহার পেয়েছে সে সম্প্রতি তার বোনের কাছ থেকে। কী সেই উপহার? এবং কীভাবেই বা পেলো?
প্রিয়াংকার জবানীতেই শুনুন সে কথা।“ গেল সপ্তাহে ব্রিটিশ এয়ারওয়েজে করে লন্ডন যাচ্ছিলাম। প্রতিবারের মতো আমার ছোট ভাই সিদ্ধার্থ আমাকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছে। হঠাৎ সেখানে ভারতীয় ক্রিকেট দলের সবাইকে দেখতে পেয়ে আমার ক্রিকেটপাগল ভাইয়ের তো মুর্ছা যাওয়ার মতো অবস্থা। আমার প্রায় পায়ে পরে গেল সে ,‘ দিদি, আমার টি শার্টে ওদের অটোগ্রাফ নিয়ে দাও না। এক বছর তোমার কেনা গোলাম হয়ে থাকবো।’ অবস্থা দেখে আমি কিছুটা বিব্রত এবং ভীতও বটে। কীভাবে এই মহারথীদের কাছে গিয়ে বলব আমার ভাইয়ের টি শার্টে অটোগ্রাফ দিতে। এটা একটা কথা হলো? কিন্তু সিদ্ধার্থ নাছোড়। আমি তখন রেহাই পাওয়ার জন্য ওকে জিজ্ঞেস করলাম, কোন টি শার্টে তুই অটোগ্রাফ নিবি? এক্সটা টি শার্ট নিয়ে নিশ্চয়ই এয়ারপোর্টে আসিস নি। কথা শেষ করার আগেই আমাকে হতবাক করে দিয়ে সিদ্ধার্থ তার গায়ের টি শার্টটাই খুলে দিল।”
বিমানে উঠে প্রিয়াংকা একজনের মারফত তার ভাইয়ের পাগলামির কথাটা জানান ভারতীয় ক্রিকেটারদের। রাতের ফ্লাইট, প্রিয়াংকা যাচ্ছিলেন এক্সিকিউটিভ ক্লাসে আর ক্রিকেটাররা ছিলেন বিজনেস ক্লাসে। প্রিয়াংকার কথা শোনা মাত্রই ক্রিকেটাররা সানন্দে রাজী হলেন। ফলে বিমান থেকে যখন বেরিয়ে এলেন প্রিয়াংকা তার হাতে তখন ভাইয়ের সাদামাটা টি শার্টটাই ভারতীয় ক্রিকেটারদের অটোগ্রাফসমৃদ্ধ হয়ে মহামূল্যবান হয়ে উঠেছে।
“এখন সে এমনভাবে টি শার্টটাকে আগলে রাখে যেন ওখানেই তার প্রাণ ভোমরা। আমার এক বছরের কেনা গোলাম হওয়ার কথা সে বেমালুম ভুলে গেছে।” হাসতে হাসতে বললেন প্রিয়াংকা।
লাভ স্টোরি ২০৫০ ছবির একটি গানের দৃশ্য চিত্রায়নের কাজে দুবাই যাচ্ছিলেন এই বলিউড তারকা। এ বছর তার ৪টি ছবি মুক্তি পেতে পারে বলে জানালেন তিনি। ছবিগুলো হচ্ছে লাভ স্টোরি ২০৫০, দ্রোণা, গড টুসি গ্রেট হো এবং বিগ ব্রাদার। সূত্র : ওয়েবসাইট।
