২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের পাট চুকিয়ে ফেলছেন ম্যাডোনা

নিউ ইয়র্কে গিয়ে ডেরা বাঁধার পরিকল্পনা করেছেন ম্যাডোনা। আরো নিবিড়ভাবে ক্যানসার আক্রান্ত বাবার দেখভাল করার জন্যই তার এই উদ্যোগ। ম্যাডোনার ঘনিষ্ট এক বন্ধু নিশ্চিত করেছেন এ খবর।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 06:10 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বর্তমানে এই পপ তারকা বাস করছেন লন্ডনে তার স্বামী ব্রিটিশ পরিচালক গাই রিচি ও সন্তানদের সঙ্গে। এ বছরই বাবা টনি সিকোনেকে দেখতে দুবার আমেরিকায় গিয়েছেন ম্যাডোনা। 

ম্যাডোনার ওই বন্ধু লন্ডনের ‘দি সান’ পত্রিকাকে জানান, “ এ বছরই ম্যাডোনা, গাই রিচি ও তার সন্তানরা নিশ্চিতভাবে নিউ ইয়র্কে যাবেন।”

ম্যাডোনার এই পরিকল্পনার সাথে গাই রিচি খুব যে একমত তা নয়। তবে ম্যাডোনা তার সিদ্ধান্তে অটল। তাকে এবং তার নাতী নাতনীকে কাছে পেলে তার বাবা মানসিকভাবে অনেকখানি চাঙ্গা হয়ে উঠবেন বলে মনে করছেন ম্যাডোনা।

এই স্থান পরিবর্তন অনিবার্যভাবেই কিছু হাঙ্গামা তৈরি করবে। তবুও ম্যাডোনা তার বাবার কাছে যাওয়ার প্রয়োজনকে অস্বীকার করতে চাইছেন না।