শাহরুখকে নিয়ে ছবি বানাচ্ছে মাদাম তুসো
লন্ডনের মাদাম তুসোর মোমের জাদুঘরে জায়গা করে নিচ্ছেন শাহরুখ খান, এ খবর পুরোনো। নতুন খবর হলো, ওই বিশ্ববিখ্যাত জাদুঘর কর্তৃপক্ষ এই বলিউড তারকার সম্মানে তার উপর একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মান করার সিদ্ধান্ত নিয়েছে। ৫০ মিনিট দৈর্ঘ্যরে এই চলচ্চিত্রের নাম হবে ‘দি মেকিং অফ অ্যানাদার কিং খান’
মাদাম তুসোর মোমের জাদুঘরে বিশ্বের বিখ্যাত জনপ্রিয় ব্যাক্তিত্বদের হুবহু মুর্তি তৈরি করে রাখা হয় মোম দিয়ে। ভারতীয় তারকাদের মধ্যে এখানে এর আগে জায়গা করে নিয়েছেন ঐশ্বরিয়া রায় ও অমিতাভ বচ্চন।
দীর্ঘদিন ধরেই শাহরুখের উপর একটা প্রামাণ্যচিত্র নির্মানের ইচ্ছা ছিল জাদুঘর কর্তৃপক্ষের। ছবিটি পরিচালনা করবেন ববি, এই ছবিতে কার কার উপস্থিতি থাকবে তার একটা তালিকা তৈরি করছেন তিনি এখন। ইতিমধ্যে সে তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন করণ জোহার, জুহি চাওলা ও আজিজ মীর্যা। ছবিতে শাহরুখের সেলিব্রিটি বন্ধুরা ছাড়াও দেখা যাবে ভারতের কিছু নেতৃস্থানীয় ব্যাক্তিত্ত্বকে।
ছবিতে ছেলেবেলা থেকে ধারাবাহিকভাবে তুলে ধরা হবে শাহরুখের জীবন কাহিনী। বলিউডে নবাগত হিসেবে এসে কীভাবে কঠোর সংগ্রাম করে আজকের বলিউড বাদশার জায়গাটা দখল করে নিয়েছেন শাহরুখ সে গল্পটাই তুলে ধরা হবে এ ছবিতে। মাদাম তুসোতে তার মোমের মুর্তি উন্মোচনের সময় একইসঙ্গে ছবিটির বিশেষ প্রদর্শনী হবে। এ বছরের শেষের দিকে সাধারন দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে।
