বঙ্গবন্ধুকে নিয়ে পূর্ণাঙ্গ চলচ্চিত্র বানাতে যাচ্ছেন আবদুল গাফফার চৌধুরী
ব^ঙ্গবন্ধুর উপর পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মানের ঘোষণা দিলেন খ্যাতিমান কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরী। লন্ডন প্রবাসী এই কলামিস্ট সম্প্রতি দেশে ফিরে বিভিন্ন স্থানে ঘরোয়া আলোচনায় এ কথা বলছিলেন বেশ কদিন ধরেই। বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক আড্ডায় আবারো তিন তার এ সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন এ আড্ডার আয়োজন করে।
গাফফার বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা বঙ্গবন্ধুর ওপর পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করবো। বিএনপি সরকারের সময় দেশে আসার সাহস পাইনি। জোট সরকারের পতন সুযোগ করে দিয়েছে। আগামী শীতে শুটিং শুরু করবো যদি অনুমতি পাই।
গাফফার জানান, এর আগে বঙ্গবন্ধু হত্যা নিয়ে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তখন থেকেই অনেকে বঙ্গবন্ধুকে নিয়ে পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণের দাবি জানিয়ে আসছে বলে তিনি উল্লেখ করেন।
গতকাল ছবি সম্পর্কে বিস্তারিত না বললেও এর আগে একাধিক আড্ডায় তিনি এ ছবিতে ভারতের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও জয়া বচ্চনসহ ভারত ও বাংলাদেশের খ্যাতিমান তারকাদের অন্তর্ভূক্তির কথা বলেছিলেন।
বুধবারের আড্ডায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করার অনুরোধ করলে এই খ্যাতিমান রাজনৈতিক কলাম লেখক বলেন, এ বিষয়ে কথা বলা কি ঠিক হবে ? অমর একুশে গানের শ্রষ্টা আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, “ গত ৫০ বছরে অনেক পরিবর্তন দেখেছি। পাকিস্তানের পতন দেখেছি। দলীয় গণতন্ত্রের উত্থান পতন দেখেছি। এখন দেশে নতুন ধরনের তত্ত্বাধায়ক সরকার দেখছি।”
তিনি বলেন, “রাজনীতিবিদরা যেখানে ব্যর্থ হয়েছে সাংবাদিকরা সেখানে সঠিক চেতনায় দেশকে এগিয়ে নিয়েছে। এখন সৎ সাংবাদিকতার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে অশুভ শক্তির উত্থান ঘটবে না। সমাজ বিবর্তনের পথে সাংবাদিকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বিদেশে বসে সাহস করে লেখা যায়। এখানে যারা সাহসের সঙ্গে লেখেন তাদের ধন্যবাদ জানাই। আমাদের সময় এত সাহস করে অনেকে লিখতে পারতো না।”
আড্ডায় স্মৃতিচারণ করে আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, প্রেসক্লাবের সঙ্গে আমি ১৯৫৪ সাল থেকে জড়িত। আগে প্রেসক্লাবের একটি গ্রামীন চরিত্র ছিল। বৈঠকখানায় আড্ডা হতো। ১৯৭১ সালে পাকিস্তানীরা প্রেসক্লাব ভেঙে দেয়।
অন্যান্যের মধ্যে এ আড্ডায় উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক বাহাউদ্দিন, বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি আমিনুল হক বাদশা, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, সমকালের সম্পাদক আবেদ খান, অবজারভারের সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি শফিকুল করিম, বর্তমান সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী।
