ফুল ফল নিয়ে শাকিরার জন্য প্রস্তুত মুম্বাই
ভারতে আসছেন পপ তারকা শাকিরা। ভারতে এটাই তার পয়লা সফর। যে বিলাসবহুল হোটেলে উঠবেন এই কলাম্বিয়ান গায়িকা সেই গ্রান্ড হায়াতে এরই মধ্যে শাকিরার পছন্দমাফিক ফুল ফল এনে জড়ো করা হচ্ছে নানা দেশ থেকে। ভারতে তার সফরকে স্মরণীয় করে রাখার জন্য বিশেষ খাবার দাবারেরও আয়োজন চলছে। ওই হোটেলে তিনি দুদিন থাকবেন।
“ক্যালরি সচেতন এই গায়িকা ফলের ভক্ত। সে মোতাবেক এরই মধ্যে অস্ট্রেলিয়ার বেরি, হাওয়াইয়ের পেপে আর দুবাইয়ের পিচফল নিয়ে এসেছি আমরা।” জানিয়েছেন ওই হোটেলের জেনারেল ম্যানেজার ইলান ওয়েইল।
শাকিরার হোটেল কক্ষটি সাজানো হবে সাদা লিলি এবং জাকার্তা থেকে আনা বিচিত্র সব লতাপাতায়।
ওয়েলি বলেন, “ তার পছন্দের মিউজিকও সংগ্রহ করেছি আমরা যার মধ্যে আছে লেড জ্যাপলিন, দি বিটলস, দি পুলিশ, দি কিউর ও নির্বান।”
