স্পাইডার -- ম্যানের তৃতীয় পর্বই হতে পারে শেষ পর্ব
কমিকস চরিত্র স্পাইডার -- ম্যান ভক্তদের জন্য দুঃসংবাদ। স্পাইডার -- ম্যান ছবির তৃতীয় পর্বটিই এর শেষ পর্ব বলে যে গুজব উঠেছে সেটা সত্যি না হলেও ছবির নায়ক স্পাইডার -- ম্যান চরিত্রে অভিনয় করা টোবি ম্যাগুইর যে আর এর পরবর্তী কোন পর্বে থাকছেন না সেটা একরকম নিশ্চিত। খবর অ্যানানোভার।
সম্প্রতি এক ওয়েবসাইটে দেয়া সাক্ষাতকারে টোবি জানান, ‘আমার মনে হয় স্বাভাবিকভাবেই স্পাইডার ম্যানের তৃতীয় পর্বেই হবে এই ধারাবাহিক চলচ্চিত্রের শেষ পর্ব। কারন গত দুটি পর্বে স্পাইডার -- ম্যানের প্রায় সব সমস্যাই সমাধান করে দেয়া হয়েছে। আর তৃতীয় পর্বে সব সমস্যারই ইতি ঘটবে। তাই আমার মনে হচ্ছে এটাই হবে স্পাইডার -- ম্যান ছবির শেষ পর্ব।’
ছবির নায়িকা ম্যারি জেন চরিত্রের রূপদানকারী অভিনেত্রী ক্রিস্টিন ডান্স্টও তাই মনে করেন।
তবে পরিচালক স্যাম রেইমি এক সাক্ষাতকারে বলেছেন, তিনি ছবির চতুর্থ পর্ব নিয়েও ভাবছেন। তার ভাষায় “ আমি স্পাইডার -- ম্যানকে দারুন ভালবাসি। তবে চতুর্থ পর্ব করবো কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবো তৃতীয় পর্ব শেষ করার পর।”
তবে স্যাম এটাও জানান যে টোবি যদি আর কাজ না করে তবে তিনি চতুর্থ পর্ব নাও বানাতে পারেন। তার ভাষায়, ’আমি টোবিকে ছাড়া এ ছবির কথা ভাবতেই পারি না।’
ফলে হয়তো আগামী ৪ মে মুক্তি পাবে যে স্পাইডার -- ম্যান সেটাই হবে এই ট্রিলজির শেষ পর্ব।
