টিভি সিরিজ বানাতে যাচ্ছে এবিসিএল
অমিতাভ বচ্চনের নিজস্ব প্রডাকশন হাউজ ‘অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড’ (এবিসিএল) এর ভড়াডুবির খবর কারও অজানা নয়। একের পর এক ফ্লপ চলচ্চিত্রে টাকা লগ্নি করে তাদের পথে বসার জোগাড়। এবার লাভের মুখ দেখতে বড় পর্দা ছেড়ে ছোট পর্দার দিকে ঝুঁকছে অমিতাভের এবিসিএল।
ভারতীয় টেলিভিশন দর্শকদের কাছে পারিবারিক নাটক এবং রিয়েলিটি শোয়ের ব্যাপক চাহিদা। ফলে এ ধরনের অনুষ্ঠান তৈরিতেই টাকা বিনিয়োগ করবে এবিসিএল। অনেকের ধারণা, এবিসিএলকে নিয়ে এই সিদ্ধান্তের কারণেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’র উপস্থাপনায় ইস্তফা দিয়েছেন অমিতাভ।
এবিসিএল তাদের বানানো অনুষ্ঠান নিয়ে ‘জি টেলিভিশন’ এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। তারই প্রস্তুতি হিসাবে অমিতাভ ইতোমধ্যেই ‘জি আনতাখ্শরি’ অনুষ্ঠানে এবং অমিতাভপুত্র অভিষেক বচ্চন জি টেলিভিশনের ‘জি সিনেস্টারস কি খোঁজ’ এ তারকা বিচারক হিসাবে অংশগ্রহণ করেছেন।
সম্প্রতি এবিসিএল ‘লালি - লিলা’ নামে একটি নাটকের প্রযোজনা করেছে।
