মিতালীর সঙ্গে মিতালী পাতালেন কুমার বিশ্বজিৎ
২৬ বছরের সঙ্গীত জীবনে ২৬টি একক অ্যালবাম প্রকাশ করেছেন কুমার বিশ্বজিৎ। এছাড়া অনেক মিশ্র অ্যালবামেও গান করেছেন। তবে এখন পর্যন্ত কোন দ্বৈত অ্যালবামে কণ্ঠ দেননি। এবার সেই কাজটিই করছেন ভারতীয় শিল্পী মিতালী মুখার্জীর সঙ্গে।
এতদিন পরে দ্বৈত অ্যালবামে কাজ করা প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ জানান,“অনেক দিনের ইচ্ছে ছিল ভালো কোন শিল্পীর সঙ্গে দ্বৈত অ্যালবাম বের করব। দূর্ভাগ্যবশত দেশের কোন শিল্পীর সঙ্গে এতদিন ব্যাটে--বলে মিলেনি। সেজন্য আমার কোন আক্ষেপ নেই। তবে মিতালী মুখার্জীর সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।”
অ্যালবামটি প্রকাশ করবে কুমার বিশ্বজিতের প্রযোজনা সংস্থা গানচিল। প্রযোজনা সূত্রে জানা গেছে এতে মিতালীর ৬টি গান থাকবে। তার গানগুলি সুর করেছেন শওকাত আলী ইমন। আর বাকি গান গাইবেন কুমার বিশ্বজিৎ। সেগুলো তার নিজেরই সুর করা। গানগুলো লিখেছেন রিটন অধিকারী রিন্টু, কবির বকুল ও আসিফ ইকবাল।
বাংলাদেশে মিতালী মুখার্জীর এটি তৃতীয় দ্বৈত অ্যালবাম। এর আগে ১৯৯৭ সালে তপন চৌধুরী ও ১৯৯৯ সালে বাদশা বুলবুলের সঙ্গে তার দ্বৈত অ্যালবাম প্রকাশিত হয়।
অ্যালবামটির নাম এখনো ঠিক হয়নি। পহেলা বৈশাখে অ্যালবামটির প্রকাশের সম্ভাবনা রয়েছে।
