চারটি ক্যাটাগরিতে অস্কার জিতে নিলো ‘ডিপার্টেট’
অবশেষে অস্কার পেলেন মার্টিন স্করসেস। এবারের অস্কার যদি তার হাত ফসকে বেরিয়ে যেতো তাহলে তা হতো সবচেয়ে বড় অঘটন। তার পরিচালিত ‘ডিপার্টেট’ সব মিলিয়ে চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে।
আগে অনেকবার মনোনয়ন পেয়েও অস্কার পাননি স্করসেস। তারপরও এবার তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন। পুরস্কারপ্রাপ্ত হিসেবে তালিকায় তার নাম ঘোষণার পর মঞ্চে উঠতে উঠতে তিনি কৌতুক করে বলেন, “খামের ভেতর নামটা আবার একটু চেক করে দেখা যায় না?”
‘দি ডিপার্টেট’ মূলত একটি অপরাধ রোমাঞ্চকর চলচ্চিত্র। এর কাহিনী আবর্তিত হয়েছে বোস্টনের রাস্তায় কয়েকজন দুর্নীতিবাজ পুলিশ আর কয়েকজন আপরাধীর মধ্যকার সংঘাত নিয়ে। মূল কাহিনী নেওয়া হয়েছে ২০০২ সালের মুক্তি পাওয়া এন্ড্রু লাই এবং সিউ ফাই ম্যাক এর হংকং চায়নিজ ক্রাইম থ্রিলার ‘ইনফার্নাল অ্যাফেয়ার’ থেকে। সেটার চিত্রনাট্য লিখেছিলেন ফেলিক্স চং এবং সিউ ফাই ম্যাক। সেটি অবলম্বনে ‘দি ডিপার্টেট’ এর জন্য অ্যাডাপটেড চিত্রনাট্য লিখেছেন উইলিয়াম মোনাহান।
২০০৬ সালের ৬ অক্টোবর মুক্তি পায় ‘ডিপার্টেট’। ১৫১ মিনিট দৈর্ঘ্যরে এই চলচ্চিত্রটির বাজেট ছিলো ৯ কোটি ইউএস ডলার।
মুক্তি পাওয়ার পরেই এটি ইউএস এবং ইউকে টপচার্টের প্রথম স্থানটি দখল করে নেয়। ২০০৭ এর ফেব্রুয়ারি ২২ তারিখ পর্যন্ত এটি নিজ দেশেই আয় করে নেয় ১৩ কোটি ১৫ লাখ ইউএস ডলারেরও বেশি। আর আন্তর্জাতিকভাবে আয় করে প্রায় ২৮ কোটি ইউএস ডলার।
এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ম্যাট ডেমন, জ্যাক নিকলসন, মার্ক ওহালবার্গ প্রমুখ।
সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অ্যাডাপটেট চিত্রনাট্য আর সেরা চলচ্চিত্র সম্পাদনা বিভাগে অস্কার জিতে নিয়েছে এ চলচ্চিত্রটি। আর অস্কার না জিতলেও এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য মার্ক ওহালবার্গ ‘বেস্ট সাপোর্টিং অ্যাকটর’ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অভিনেতা ব্রাড পিট, ব্রাড গে এবং গ্রাহাম কিং।
