অস্কার অনুষ্ঠানের অমিয় বচন
নানারকম চাকচিক্য, পোশাক আশাক, কর্মকান্ডের মধ্যে অস্কার অনুষ্ঠানের অন্যতম আকর্ষন এখানে উপস্থিত মহাজনদের লঘু - গুরু বচনগুলি। রাজনৈতিক থেকে আদিরসাত্মক সব ধরণের বাৎচিত চলে। এখানে অস্কার অনুষ্ঠানে উচ্চারিত কিছু বানী তুলে ধরা হলো।
১। বহু আগেই তার অস্কার পাওয়ার কথা। কিন্তু পাননি। ফলে মনের মধ্যে দ্বিধা ছিল এবারে ভাগ্যে শিকে ছিড়বে কিনা। তাই ষষ্টবারে পুরষ্কারপ্রাপ্তির ঘোষণা শুনেও ডিপার্টেডের পরিচালক মার্টিন স্করসেস ঘোষণাকারীকে বললেন,
“খামটা আরেকবার চেক করে দেখবেন?”
২। স্করসেসের জন্য যারা উদ্বিগ্ন ছিলেন তাদের অন্যতম জোডি ফস্টার। অনুষ্ঠান শুরুর আগে রেড কার্পেটে থাকার সময়ই তিনি মন্তব্য করেছেন
“এবার যদি স্করসেস অস্কার না পায় তো রেগেমেগে কারো মাথার টুপি খেয়ে ফেলতে পারি।”
৩। সেরা অভিনেতা হিসেবে ফরেস্ট হুইটেকারের বিজয় ছিল চমকপ্রদ ঘটনা। পুরষ্কার হাতে নিয়ে তিনি বলেন,
“ছোটবেলায় আমার ছবি দেখার একমাত্র উপায় ছিল ড্রাইভ- ইনে আমাদের গাড়ির পিছনের সিটে বসে। যে বাস্তবতার মধ্যে আমি বেড়ে উঠেছি সেখানে ভাবার সুযোগ ছিল না যে আমি কখনো চলচ্চিত্রে অভিনয় করবো। সুতরাং আজ রাতে এই সম্মান গ্রহণ করার অভিজ্ঞতা থেকেই আমি বুঝতে পারছি, এটা সম্ভব।”
৪। প্রায় অপ্রত্যাশিতভাবেই ‘লিটল মিস সানশাইন’ চলচ্চিত্রের জন্য সেরা সহ অভিনেতা ক্যাটাগরিতে বিজয়ী হন অ্যালান আরকিন। পুরষ্কার পাওয়ার পর তার মন্তব্য ছিল,
“অন্য যে কোন কিছুর চেয়ে সবচেয়ে বেশি আমাকে যা আলোড়িত করেছে তা হলো, সবাই উদার চিত্তে আমাদের এই ক্ষুদ্র চলচ্চিত্র প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। এই ভগ্নমুখ সময়ে এরকম সাধুবাদ আমাদের সম্ভাবনাকেই জাগিয়ে তোলে।”
৫। ‘ড্রিমগার্লস’ এ অভিনয়ের জন্য জেনিফার হাডসন সেরা সহ অভিনেত্রী হিসেবে পুর®কৃত হয়েছেন। পুরষ্কার হাতে নিয়ে যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি সেখানে তার প্রয়াত ঠাকুরমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন,
“উনি ছিলেন আমার সব কাজের বড় প্রেরণার উৎস। কারণ উনিও ছিলেন একজন গায়িকা, গানের জন্য তার ছিল অফুরন্ত ভালবাসা, কিন্তু তিনি কখনো আমার মতো সুযোগ পাননি। এই আক্ষেপই আমাকে নিরন্তর গান নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছে।”
৬। ‘দি ডিপার্টেড’ এর চিত্রনাট্যকার উইলিয়াম মনোহান সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগে পুরষ্কার পেয়েছেন। তিনি জানান,
“রবার্ট বোল্ট এর লরেন্স অফ অ্যারাবিয়া দেখার পর আমার মনে চিত্রনাট্যকার হওয়ার বাসনা জেগেছিল। ”
৭। এবারের অস্কার অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর। তার পরিবেশ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ’ প্রামাণচিত্র ফিচার বিভাগে পুর®কৃত হয়। আল গোর বলেন,
“সারা দুনিয়ার মানুষের উদ্দেশ্যে বলছি, আবহাওয়াগত সমস্যার সমাধান করাটা খুবই জরুরী। এটা কোন রাজনৈতিক বিষয় নয়। এটা একটা নৈতিক বিষয়।”
৮। অ্যানিমেটেড চলচ্চিত্র হিসেবে অস্কার জিতেছে ‘হ্যাপি ফিট’। এর পরিচালক জর্জ মিলার বলেছেন,
“আমি আমার বাচ্চাকে জিজ্ঞেস করেছিলাম অস্কার পাওয়ার পর যে বক্তব্য দিতে হয় সেখানে কী বলবো? সে বলেছে, মানুষ যে পেঙ্গুইনের মতো স্যুট পরে সেজন্য তাদের কৃতজ্ঞতা জানিও।”
