দি ফাস্ট অস্কার ফর দি লাস্ট কিং হুইটেকার
সেরা অভিনেতা হিসেবে ফরেস্ট হুইইটেকারের বিজয় ছিল এবারের অস্কার অনুষ্ঠানের গুটিকতক চমকপ্রদ ঘটনার একটি। পুরষ্কার হাতে নিয়ে হুইইটেকার বলেন, “ছোটবেলায় আমার ছবি দেখার একমাত্র উপায় ছিল ড্রাইভ- ইনে আমাদের গাড়ির পিছনের সিটে বসে। যে বাস্তবতার মধ্যে আমি বেড়ে উঠেছি সেখানে ভাবার সুযোগ ছিল না যে আমি কখনো চলচ্চিত্রে অভিনয় করবো। সুতরাং আজ রাতে এই সম্মান গ্রহণ করার অভিজ্ঞতা থেকেই আমি বুঝতে পারছি, এটাও সম্ভব।”
বাংলাদেশ সময় সোমবার সকাল ৭ টা নাগাদ ঘোষিত এ পুরস্কার তিনি পান ‘দি লাস্ট কিং অফ স্কটল্যান্ড’ চলচ্চিত্রে উগান্ডার স্বৈরশাসক ইদি আমিনের চরিত্রের অভিনয় করে।
হুইইটেকার তার অভিনয় জীবনে এই প্রথম অস্কারের জন্য নমিনেশন পেয়েছিলেন। কিন্তু শুধু নমিনেশন পর্যন্ত আটকে না থেকে অন্যদের হটিয়ে দিয়ে তিনি জিতেও নিলেন অস্কার। অস্কার তার প্রাপ্তির ষোলকলা মিটিয়ে দিলেও যে চরিত্রে অসাধারণ অভিনয় করে তিনি অস্কার জিতলেন সেটি করে তিনি পেয়েছিলেন মাত্র ৫০ পাউন্ড। আর চরিত্রের প্রয়োজনে শিখেছিলেন সোহেলি ভাষার কিছু শব্দ।
৪৫ বছর বয়স্ক হোয়াইটেকার হলেন চতুর্থ কৃষ্ণাঙ্গ যিনি অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেলেন। এর আগের যে তিনজন অস্কার পান তারা হলেন ১৯৬৩ সালে ‘লিলিস অফ দি ফিল্ড’ এর জন্য সিডনি পয়েটার, ২০০১ সালে ‘ট্রেইনিং ডে’র জন্য ডেনজেল ওয়াশিংটন এবং ২০০৪ সালে ‘রে’র জন্য জেমি ফক্স।
ইদি আমিনের মতো একটি চরিত্র হুইইটেকার যেভাবে ফুটিয়ে তুলেছেন তা মুগ্ধ করেছে অস্কার সমালোচক ও চলচ্চিত্র বোদ্ধাদের। এবারের অস্কারে তিনি প্রতিযোগিতার মুখোমুখি হয়েছিলেন আরেক শক্তিমান অভিনেতা পিটার ও’টুলের। ৭৪ বছর বয়স্ক এই ব্রিটিশ অভিনেতা ভাগ্যটা বেশ খারাপ। তবে এবারেও অস্কারে তার ভাগ্যে শিকে না ছেড়ায় একটা রেকর্ডের অধিকারী তিনি হয়েছেন। সেরা অভিনেতা ক্যাটাগরিতে সবচেয়ে বেশী বার মনোনয়ন পেয়েও অস্কার না জিতে রেকর্ড গড়েছেন তিনি। ৮ম বারের মতো এবার নমিনেশন পেয়েছিলেন ‘ভেনাস’ চলচ্চিত্রের জন্য।
এবার সেরা অভিনেতা ক্যাটাগরিতে আরো যারা প্রতিযোগিতা করেছিলেন তারা হলেন ‘ব্লাড ডায়মন্ড’ এর জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও, ‘হাফ নেলসন’ এর জন্য রায়ান গসলিন এবং ‘দি পারস্যুট অফ হ্যাপিনেস’ এর জন্য উইল স্মিথ।
