২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরোনো দিনের গান নিয়ে এইচএসবিসি’র অনবদ্য আয়োজন

ফেলে আসা দিনের গান নস্টালজিয়ায় তো আক্রান্ত করেই, সে  নস্টালজিয়া আরো প্রবল হয়ে ওঠে ওই গানগুলোর পাশে হাল জমানার গানের কথা আর সুর বিচার করলে। রবীন্দ্র, অতুল, ডিএল রায় এর কথা মাথায় তোলা থাক, স্রেফ ষাট বা সত্তরের দশকের বাংলাদেশের চলচ্চিত্রের কিছু গানের দিকে তাকালেও মনটা ভারী হয়ে ওঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 01:35 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

 ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ কিংবা ‘তোমার আগুনে পোড়ানো এ দুটি চোখে’ এর মতো চমৎকার সব গানে ভরে ছিল আমাদের সঙ্গীত জগত। কী দুর্দান্ত লিরিকস, কী অসাধারণ তার সঙ্গীত।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার ন্যাম সম্মেলন ভবনের বাংকোয়েট হলে এইচএসবিসি আয়োজিত ‘শতবর্ষের গান’ শীর্ষক গানের অনুষ্ঠানে গিয়ে এই অনুভুতিই প্রবল হয়ে উঠেছে থেকে থেকে।

এই হাহাকার কেন জেগে ওঠে তার একটা কারণ পাওয়া গেল অনুষ্ঠানের শুরুর দিকে আবদুল্লাহ আবু সায়ীদের নাতিদীর্ঘ বক্তব্যে। ‘আগে গাছ ছিল এখন সব ঘাস’। উচ্চতা বাড়েনি বিস্তার হয়েছে বেশ। এদেশে গানের যে দীনহীন অবস্থা তার মূল কারণটা কী তার ইঙ্গিতও দিয়েছেন তিনি সংক্ষেপে, “কয়েকদিন আগে এক সঙ্গীত প্রতিযোগিতার সব কটা ক্যাটাগরিতে অনেকে অংশ নিয়ে বিস্তর লড়াই করে পুরষ্কার জিতল, কিন্তু ওই প্রতিযোগিতায় রাগ সঙ্গীতের কোঠায় কেউ অংশগ্রহণই করেনি। রাগসঙ্গীতের ভিত্তি না থাকায় যে আমাদের সঙ্গীতজগতের বাস্তুভূমি বড়ই নড়বড়ে সে কথা কবুল করলেন করুণাময় গোস্বামীও। এই দুই বিদগ্ধজনের বক্তব্যের পর মঞ্চে এলেন স্টিভ ব্যানার, এইচএসবিসি বাংলাদেশের কর্ণধার। তার স্বাগত ভাষনের পরপরই শুরু হলো গান।

জাতীয় সঙ্গীত দিয়েই শুরু। অন্য কোন কারণ নয়, শতবর্ষের যে ফ্রেম ধরে সাজানো হয়েছে এই অনুষ্ঠান (১৯০৫ থেকে ২০০৫) তার একেবারে গোড়ার দিকেই রয়েছে ‘আমার সোনার বাংলা’। ফলে অন্য কোন গান দিয়ে সুচনা সঙ্গীত সাজানো সম্ভবই ছিল না। তাছাড়া প্রারম্ভে দেশাত্মবোধক গান দিয়েও অনুষ্ঠান শুরুর পরিকল্পনা ছিল। তারই ধারাবাহিকতায় এরপর ‘ওগো মা তোমায় দেখে দেখে’ গানের যন্ত্রবাদন শ্রোতাদের যেন কিছুটা প্রস্তুতি গ্রহণের সুযোগ করে দিল। এরপর সমবেত কন্ঠে শুরু হলো ‘ধন ধান্য পুষ্প ভরা’। দ্বিজেন্দ্রলাল রায়ের এই কালজয়ী গানটির সুরে কণ্ঠ মেলালের উপস্থিত শ্রোতারাও। আবেশময় ও ঘন হয়ে উঠল সমাবেশ। অতুলপ্রসাদের ‘মায়ের দেয়া মোটা কাপড়’ নিয়ে এলেন মিতা হক। মিতা হকের কন্ঠ অসাধারণ, গায়ন নিখুঁত, তাতে অতিরিক্ত একটা কিছু থাকে যা মন ছুঁয়ে যায়। তার একক কন্ঠে আরো কিছু গান শোনার ইচ্ছে ছিল। কিন্তু এটি ছাড়া কিছু সমবেত সঙ্গীতের বাইরে তিনি আর গেলেন না। মিতার পরই ফের সমবেত। মোদের গরব মোদের আশা। এটিও অতুল প্রসাদের।

২০ দশকের গান থেকে বাছাই করা হয়েছিল রাধারমণের ‘ভ্রমর কইও গিয়া’। গেয়েছিলেন রামকানাই দাস। এতোদিন জানতাম, শুনেছিও, ‘শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে’। কিন্তু রামকানাই গাইলেন ‘শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আধায়’। রাধারমণ সিলেটের লোক। রামাকানাইও তাই। ফলে ধরে নেয়া যায় তিনি শুদ্ধ রুপটিই গেয়েছেন। তবে তার গানে প্রাণের টান মেলেনি।

তুলনায় এরপরে গাওয়া রেজওয়ানা চৌধুরী বন্যার গান প্রাণ ছুঁয়ে গেলো। তিনি গাইলেন রবীন্দ্রনাথের ‘চোখের আলোয় দেখেছিলেন’ এবং ‘মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো’। প্রথমটা ধীর লয়ে দ্বিতীয়টা দ্রুত। দুটোতেই সাবলীল ছিলেন এই গুনী শিল্পী।

এর পরের দশক ১৯২৬ থেকে ৩৫ পর্যন্ত। সুমন চৌধুরী এলেন এই সময়ের নজরুল সঙ্গীত নিয়ে, ‘ বঁধু তোমার আমার এই যে বিরহ’। খোলা গলা। কিন্তু দুএকটা জায়গায় খানিকটা নি®প্রভ মনে হয়েছে তাকে। এরপর ফেরদৌস আরা এলেন, যথেষ্ট দরদ গিয়ে গাইলেন ‘জানি জানি প্রিয়’ এবং ‘শাওন আসিল ফিরে’। তার দরদ দিয়ে গান গাওয়ার চেষ্টা ভাল লেগেছে। তবে এর অতিরেক বিপদ ঘটাতে পারে বলে আশঙ্কা হয়।

মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠটি ভরাট, মাঝে মাঝে দ্বিজেন্দ্র মুখোপাধ্যায়রে কথা মনে করিয়ে দেয়। তার গাওয়া ১৯৩৭  সালে লেখা রবীন্দ্রনাথের ‘দিনের শেষে ঘুমের দেশে’ গানটি যে পঙ্কজ মল্লিকের সুরে এ তথ্য হয়তো অনেকেরই অজানা ছিল।

জগন্ময় মিত্রের বিখ্যাত ‘চিঠি’ গানটি গাওয়া হলো এরপর। প্রানকে প্রাণ, বাঁশীকে বাশী বলার মতো ক্রটিগুলো উপেক্ষা করলে এই গানের শিল্পীর গায়কী ছিল অসাধারণ। সুবল দাশগুপ্তের সুরে প্রণব রায়ের লেখা এই কালজয়ী গানটি একেবারে নিখুঁতভাবে গাইলেন যে তরুন শিল্পী তার নামটা ভুলে গেছি। নো প্রবলেম। সমঝদার শ্রোতারা থাকে ঠিকই তাকে খুঁজে নেবেন।

সমবেতভাবে ‘মুক্তির মন্দির সোপানতলে’ দিয়ে ১৯৪৬ থেকে ৬০ সাল পর্যন্ত সময়কালের পর্ব তার সুচনা হলো। বিখ্যাত এই গানটির গীতিকার মোহিনী চৌধুরী, সুরকার কৃষ্ণচন্দ্র দে। এরপর আবারো এলেন মহিউজ্জামান, সঙ্গে সলিল চৌধুরীর ‘কোন এক গাঁয়ের বধুর’ গানটি নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শোনার অভিজ্ঞতা থাকলে তত আবেদন হয়তো জাগাবে না তার গায়ন। গানটির মাঝখানে ধীরলয়ের অংশটি শুরু হওয়ার আগমুহুর্তে গানটি শেষ হয়েছে ভেবে কিছু অপরিপক্ক দর্শক যে হাততালি দিয়ে যে রসভঙ্গ ঘটালেন সেটাও হয়তো শিল্পীকে অনেকখানি হতাশ করে থাকবে।

এরপর দরজা কন্ঠের ‘সে পারে তোর বসত বাড়ি এ পারে তোর বাসা’ পল্লীগীতিটির পরপরই এলেন মধুকন্ঠী সামিনা চৌধুরী। লতার গাওয়া সাত ভাই চম্পার প্রায় পুরো স্বাদটাই মিলল তার কণ্ঠে। এই অনুষ্ঠানে তার গাওয়া সবগুলো গানই মন ভরিয়ে দিয়েছে। বিশেষ করে প্রণব রায়ের লেখা নচিকেতার সুরে ‘নিশিরাত বাঁকা চাঁদ আকাশে’ ছিল অসাধারন।  কিংবা তুমি যে আমার কবিতা। আবু হেনা মোস্তফা কামাল এর লেখা ও সুবল দাসের সুর করা শেষের এ গানটিতে তার সঙ্গে ছিলেন ফাহিম।

বশির আহমেদ বৈঠকি মেজাজ নিয়ে শুরু করেছিলেন ‘আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো’। কণ্ঠ তাকে যথেষ্ট সহযোগিতা করেনি। সত্তরের দশকের জনপ্রিয় চলচ্চিত্র ‘মনের মতো বউ’ এ খান আতার লেখা ও সুর করা এ গানটির আরো ভালো গায়ন আশা করেছিলাম। এরপরের সৈয়দ হকের লেখা এবং বশির আহমেদের সুর করা ‘অনেক সাধের ময়না আমার’ গানটিতে অবশ্য উৎরে গেছেন তিনি।

এই দশকের শেষ গানটি গাইলেন ক্লোজ আপ ওয়ান তারকা সোনিয়া। শহীদুল ইসলামের লেখা ও বশির আহমেদ এর সুরে ‘ছায়া হয়ে তবু পাশে রইবো’ ভালই শোনালো তার কণ্ঠে। তবে ওভাবে হাতের মুদ্রা ব্যয় না করলেও চলতো।

ড. মুহম্মদ মুনীরুজ্জমান এর ‘কিছূ বলো, কিছু বল্’ো গানটি নিয়ে এলেন সৈয়দ আবদুল হাই আল হাদী। এমন একান্ত রোমান্টিক গান অতোটা উচ্চকণ্ঠে গাওয়ার কি কোন দরকার ছিল? তারপরে যন্ত্রের অত্যাচার তো ছিলই।

তবে সব খেদ কাল ঘুচিয়ে দিয়েছেন শাহনাজ রহমতুল্লা। মঞ্চে উপবেশনের পরই এক পশলা করতালি হয়ে গেল। শুরু করলেন খান আতার লেখা ও সুরে ‘তোমার আগুনে পোড়ানো এ দুটি চোখে’ দিয়ে। বয়স যে তার কন্ঠকে এতোটুকুও অবসন্ন করতে পারেনি তা বোঝা গেল বেশ। এরপর গাইলেন ‘যে ছিল দৃষ্টির সীমানায়’। এর গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলাউদ্দিন আলী।

সাবিনা ইয়াসমীন এসে গাইলেন ড. মুহম্মদ মনিরুজ্জামানের লেখা ‘অশ্র“ দিয়ে লেখা এ নাম’। সুরকার আলী হোসেন। আধুনিক চলচ্চিত্রের গানে সাবিনার পারঙ্গমতা প্রশ্নাতীত। জনপ্রিয়তাও তুমুল। বানিজিক সাফল্যও পেয়েছেন। এদিনের গানে শ্রোতাচিত্তও জয় করেছেন তিনি। পরে আরেকবার শ্রোতা চিত্তে দোলা দিয়ে গেছেন এই শিল্পী।

এরপর ৭০ থেকে ৮০’র দশক। মুক্তিযুদ্ধের চেতনায় স্পৃষ্ট ছিল এ দশকের গানগুলো। শুরু হলো সমবেতকন্ঠে গোবিন্দ হালদারের ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ দিয়ে। ফজল এ খোদার লেখা ও আবদুল জব্বারের সুর করা ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি গাইলেন আবদুল জব্বার নিজেই। মাঝে কিছুদিন হারিয়ে যাওয়া তার কণ্ঠের দার্ঢ্য যে ফিরে এসেছে আবার তা টের পাওয়া গেল বেশ।

এরপর একে একে আসর জমিয়ে রাখলেন কুমার বিশ্বজিৎ (যেখানে সীমান্ত তোমার),  লাকী আখন্দ (এই নীল মনিহার) এবং আরো কয়েকজন।

তবে শেষবেলাকার রাগীণি জমে উঠেছিল মিতালী মুখার্জীর কন্ঠে। ‘এই দুনিয়া এখন তো আর’ ‘তোমার চন্দনা মরে গেছে’ এবং ‘হারানো দিনের মতো’ গান তিনটি দিয়ে আসর মাৎ করে দিলেন তিনি। রাগ সঙ্গীতের ভিত্তিটা মজবুত থাকলে কন্ঠ কীভাবে একইসঙ্গে শক্তি ও পরিমিতি দেখাতে পারে শুক্রবারের অনুষ্ঠানে তার উজ্জল উদাহরণ হয়ে রইলেন তিনি।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সামিয়া জামান।

এবারে দু একটি সমালোচনা।

প্রথম আপত্তি যন্ত্রানুষঙ্গ নিয়ে। মাঝে মাঝেই এটি যন্ত্রণায় পর্যবসিত হয়েছে। পরের দিকের সিনেমার গানে হয়তো কমবেশি দরকার ছিল। কিন্তু একেবারে গোড়ার দিকে রবীন্দ্র, অতুল, ডিএল রায়ের গানে ওরকম চড়া সুরে আধুনিক বাদনযন্ত্র ব্যবহার না করলে কি চলতো না। শ্র“তিকটু লেগেছে। এবং প্রায় পুরোটা সময়ই মিউজিক গানের উপর চড়াও হয়ে বসে ছিল।

এরপর, গানের যে দশকওয়ারী বিভাজন করা হলো সেটাও ঠিক বোধগম্য হলো না। দশকের হিসাব মাঝখান থেকে শুরু করার কী কারণ ঘটলো তা পরিষ্কার হলো না। গান বাছাই এবং বিন্যাসের মানদন্ডই বা কী ছিল। এগুলি সম্পর্কে শ্রোতা সাধারণকে খানিকটা জানালে ভালো হতো।

মঞ্চসজ্জা ভালো হয়েছে, তবে এইচএসবিসির নামটা অতো প্রকটভাবে চোখের সামনে ঝুলিয়ে রাখাটা চোখে লেগেছে। ওটা আরো ছোট করে রাখলে শোভন হতো।

আলোকসজ্জা ও আলোক নিয়ন্ত্রণ ভালো ছিল না। বিশেষ করে প্রথম দিকে পর্দায় যখন শিল্পীদের দেখানো হচ্ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছিল না, ছায়াচ্ছন্ন দেখাচ্ছিল মঞ্চ। 

১৮ শতকের শেষপাদে হংকং এ যাত্রা শুরু হয়েছিল এইচএসবিসির। উনিশ শতকের শেষ দশকে বাংলাদেশে তাদের পদার্পণ। অল্প সময়েই বাংলাদেশের ব্যাংকিং জগতে ভাল জায়গা করে নিয়েছে এরা। এদেশের সংস্কৃতি জগতকেও যে কিছু দেওয়ার চেষ্টা করছেন সে জন্য তারা ধন্যবাদার্হ।

ছোটখাট ক্রটিগুলো দুর করে আগামীতে তাদের এ প্রচেষ্টা অব্যবহত থাকবে আশা করা যায়।