২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটার শেষ, আনন্দ বেদনার মিশ্র অনুভূতি রোলিংয়ের মনে

লেখালেখির সঙ্গে জড়িত যারা তাদের সকলেরই একটা সাধারণ অভিজ্ঞতা হয়। একাগ্রচিত্তে কোন সৃজনশীল কাজে যুক্ত হলে সেটা শেষ হওয়ার পর বিচিত্র এক মানসিক অবস্থার মুখোমুখি হন তারা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 05:58 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

অবসন্ন, ক্লান্ত বোধ করেন কেউ কেউ। আবার আনন্দে উচ্ছল হয়ে ওঠেন অনেকে। ব্যাপারটা অনেকখানি নির্ভর করে রচনাকর্মের পরিণতি কী তার উপর। হ্যারি পটারের স্রষ্ঠা জেকে রোলিং বলেছেন, হ্যারি পটার সিরিজের সর্বশেষ বইখানি রচনা শেষ করার পর তার মধ্যে এখন মিশ্র অনুভূতি দেখা দিয়েছে। চরমানন্দে নেচে উঠছে মন, পরক্ষনেই হৃদয় ভেঙেচুরে যাচ্ছে বেদনায়।

দীর্ঘ প্রতিক্ষীত হ্যারি পটার সিরিজের সপ্তম ও সর্বশেষ বইখানি লেখার পর মঙ্গলবার নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে এমন কথাই বলেছেন তিনি। তবে িি.িলশৎড়ষিরহম.পড়স ওয়েব সাইটে দেয়া এই বক্তব্যে ভক্তদের অশেষ কৌতুহল সত্বেও বইয়ে হ্যারি পটারের পরিণতি কী হয়েছে সে ব্যাপারে রোলিং  মুখ খোলেননি।

ওয়েব সাইটে রোলিং বলেছেন, “আমি অনেক আগে থেকেই জানতাম সপ্তম পর্বে এসে এই কাহিনীর অবসান হবে। কিন্তু এই পরিসমাপ্তি টানতে খুব কষ্টে হয়েছে আমার।”

“আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে এতো এতো বছর ধরে যে পরিসমাপ্তির পরিকল্পনা করেছি, অবশেষে সেটা করে ফেলেছি আমি। জীবনে কখনো এমন মিশ্র অনুভূতির মুখোমুখি হইনি আমি। কখনো ভাবিনি আনন্দ আর বেদনা এভাবে একইসঙ্গে আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে।”

“আগের সব বইগুলোর ব্যাপারেই আমার দুর্বলতা আছে। তথাপিও ‘ডেথলি হ্যালোজ’  আমার সবচেয়ে প্রিয়।” জানিয়েছেন রোলিং।

সর্বশেষ বইটিতে কমপক্ষে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র মারা যাবে বলে গত বছর জানিয়েছিলেন এই লেখিকা। এর পর থেকেই ভক্তদের মনে প্রশ্ন দেখা দিয়েছে এরা কারা?  ‘হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ’  প্রকাশের আগে সে ব্যাপারে কোন কোন উত্তর পাওয়া যাচ্ছে না।

এ বছর ২১ জুলাই হ্যারি পটার সিরিজের সর্বশেষ বই হিসেবে প্রকাশিত হবে ‘হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ’। এই সিরিজের বই ও তা থেকে নির্মিত চলচ্চিত্রের সুবাদে পৃথিবীর সর্বপ্রথম বিলিয়ন ডলার আয় করা লেখিকার আসন অলংকৃত করেছেন রোলিং।

এই বইয়ের প্রকাশনা সাম্প্রতিক বছরগুলোয় প্রকাশনা জগতের অন্যতম আলোড়নকারী ঘটনা হিসেবে দেখা দেবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই পাইকারী আর খুচরা বিক্রেতারা অনলাইনে বুকিং দিয়ে পটারম্যানিয়া সামলানোর প্রস্তুতি নিচ্ছেন। মার্কিন ও ব্রিটিশ প্রকাশনা সংস্থা স্কলাস্টিক কর্পোরেশন ও ব্লুমসবারি পাবলিশিং এ বই থেকে ব্যাপক লাভ তুলে নিয়েছে ইতিমধ্যেই।

হ্যারি পটার সিরিজের আগের বইগুলোর ৩২ কোটি ৫০ লাখ কপি বিক্রি হয়েছে দুনিয়া জুড়ে।