২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরের ভূমিকায় অভিনয় করতে চান শাবানা আজমী

সদ্য প্রয়াত বেনজির ভুট্টোর চরিত্রে অভিনয়ের আগ্রহ ব্যক্ত করেছেন বলিউডের খ্যাতিমান অভিনেত্রী শাবানা আজমী। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 04:46 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ডিসেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সদ্য প্রয়াত বেনজির ভুট্টোর চরিত্রে অভিনয়ের আগ্রহ ব্যক্ত করেছেন বলিউডের খ্যাতিমান অভিনেত্রী শাবানা আজমী। খবর ভারতীয় ওয়েবসাইটের। ১৯৮২ -৮৩ সালে বিখ্যাত পাকিস্তানি চলচ্চিত্রকার তারিক আলী জুলফিকার আলী ভুট্টোকে কেন্দ্র করে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেন। সেই ছবিতে তিনি বেনজিরের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন শাবানা আজমীকে। শাবানা তাতে সম্মত হন এবং বেনজিরের বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ঢং, হেয়ার কাট ইত্যাদি পর্যবেক্ষণ করতে শুরু করেন। কিন্তু পরে ভারত পাকিস্তান রাজনৈতিক টানাপড়েনের কারণে ছবির কাজ আর এগোয়নি। তখন হতাশ শাবানা বলেছিলেন, "আমি জানি এখন আমি বেনজিরের হাঁটাচলা থেকে সবকিছু নকলে করতে পারব। ছবির কাজ শুরু হলে বাকী কাজটুকুও সহজে করতে পারতাম।" ২৫ বছর পর এখনো ওই চরিত্রে অভিনয়ের বাসনা অটুট শাবানা আজমীর মনে। বলিউড অভিনেত্রী বলেন, "এখনো আমি ওই প্রজেক্টের কথা পুরোপুরি মনে করতে পারি। এখনো যদি বেনজিরের চরিত্রে অভিনয়ের সুযোগ পাই, আমার খুব ভালো লাগবে।" এখন কথা হলো, তারিক আলী তার সেই ছবির কাজ আবার শুরু করবেন কী না। নানা সূত্রে জানা গেছে যে ব্রিটিশ-পাকিস্তানি ওই চলচ্চিত্রকার ছবিটি করার বাসনা ত্যাগ করেননি। এমনকি ছবিটি করার জন্য অনেক আগেই তিনি বেনজিরের অনুমতি নিয়ে রেখেছেন। বেনজিরের অকস্মাৎ মৃত্যু ছবিটি করার ব্যাপারে তাকে উৎসাহিত করে পারে বলে ধারণা করছেন অনেকে। তারিক আলীর ঘনিষ্ট একজন মন্তব্য করেছেন, "প্রিন্সেস ডায়ানার মৃত্যুর মতোই বেনজিরের মৃত্যু এক ধরনের রোমান্টিকতা তৈরি করবে। এই প্রেক্ষাপটে শাবানা-তারিক আলীর ওই প্রজেক্টটি বাস্তবায়ন হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১০১৪ ঘ