ডিসেম্বর ২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নাচ, গান আর কমেডির পর ভারতীয় টিভি চ্যানেলে এবার রিয়েলিটি শো হতে যাচ্ছে যাদু নিয়ে। ভারতের অপেশাদার যাদু শিল্পীরা তাদের যাদু প্রতিভা দেখাবেন এই শো তে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সাহারা টিভির 'ছুঃ মন্তর' নামের এই রিয়ালিটি শোতে বিচারক হয়ে আসছেন জুনিয়র পি সি সরকার। ভারতীয় টিভিতে এ ধরনের অনুষ্ঠান এটিই প্রথম। প্রতিযোগী বাছাইয়ের জন্য অডিশন হবে ভারতের দশটি অঙ্গরাজ্যে।
সাহার টিভির একটি সুত্র জানায়, "এই প্রজেক্টের বাজেট হচ্ছে ২০ কোটি রুপিরও বেশি । অনুষ্ঠানটির পর্যায়গুলো এরকম: প্রথমে অডিশন, তারপর প্রিলিমিনারি রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং সবশেষে ফাইনাল রাউন্ড।"
পি সি সরকার বলেন, "যে যাদুগুলো দেখানো হবে সেগুলো সবাই সহজে করতে পারবে। শো তে দেয়া হবে যাদু শেখার রোমাঞ্চকর ম্যাজিক ফর্মুলা। বিষয় ভিত্তিক চারটি ক্যাটাগরিতে ম্যাজিক দেখানো হবে। ১৮ বছরের যে কেউ শোতে অংশ নিতে পারবেন। বিজয়ী পাবেন বিপুল পরিমান নগদ অর্থ।"
চ্যানেল সুত্রে জানানো হয়, "শোটির উপস্থাপনার জন্য মালাইকা আরোরা এবং কাজলকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। পি সি সরকার এই পেশায় বেশ ভাল। বলিউডের শাহরুখ খানের মতোই ম্যাজিক ইন্ডাস্ট্রিতে পি সি সরকারের অবস্থান। তাকে হাইলাইট করা হবে আমাদের শোতে।"
'ছুঃ মন্তর' ২০০৮ এর প্রথমার্ধে সাহারা ওয়ান টেলিভিশনে দেখানো হবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৭৩০ ঘ
bdnews24