হাইনান আইল্যান্ড, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন)--পূর্ব এশিয়া থেকে প্রথমবারের মত বিশ্বসুন্দরীর মুকুট পরলেন মিস চায়না চাং জিলিন। চীনের হাইনান দ্বীপে শনিবার বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছেন তিনি।
এবারের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন অ্যাঙ্গোলার সুন্দরী মেকাইলা রেইস ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন মেক্সিকোর ক্যারোলিনা মোরান গর্ডিলো।
জমকালো অনুষ্ঠানে দুই হাজার দর্শকের উপস্থিতিতে ২৩ বছরের সুন্দরী চাং জিলিনকে বিজয়ী ঘোষণা করা হয়। দর্শকরা তুমুল করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।
শারীরিক ফিটনেস, স্টাইল, পোশাক, ব্যক্তিত্ব ও সৌন্দর্যের ভিত্তিতে প্রতিযোগীদের আলাদা আলাদাভাবে নম্বর দেওয়া হয়। সব বিচারে অপর ১০৫ সুন্দরীকে পরাজিত করে মুকুট ছিনিয়ে নেন জিলিন ।
এইডস নিয়ে সচেতনা তৈরির উদ্দেশ্যে ৫৭ তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বিশ্ব এইডস দিবসে।
এবারের প্রতিযোগিতায় নয় বিচারকের মধ্যে রাখা হয় দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার বড় মেয়েকে। ম্যান্ডেলার ছেলে মাকগাথো ২০০৫ সালে এইডসে মারা যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/০০৪০ঘ.
bdnews24